জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে উচ্চশিক্ষার মানোন্নয়ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ঢাকার বারিধারায় কূটনৈতিক জোনে অবস্থিত জার্মান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে কারিগরি ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উচ্চতর গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য আরও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে জার্মানির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এ সময় জার্মান দূতাবাসের পলিটিক্যাল, প্রেস ও কালচারাল সেকশনের ফাস্ট সেক্রেটারি মনিকা রয়টার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন।