পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬
লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন। চীনের অর্থনৈতিক কাঠামো, রাষ্ট্রের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশ নিয়ে তাঁর গবেষণাপত্রের শিরোনাম ‘Sovereign Accumulation: How China Sustains Capitalism Without a Bourgeoisie’।
গবেষণাপত্রটির বাংলা অর্থ দাঁড়ায়, ‘সার্বভৌম সঞ্চয়: বুর্জোয়া শ্রেণি ছাড়াই চীন কীভাবে পুঁজিবাদ টিকিয়ে রাখে’। প্রায় সাড়ে চার বছর ধরে পরিচালিত এই গবেষণায় চীনের অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের ভূমিকা এবং প্রচলিত বুর্জোয়া শ্রেণির অনুপস্থিতিতে পুঁজিবাদ কীভাবে টিকে থাকে, তা বিশ্লেষণ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিনাকী ভট্টাচার্য ‘দ্য ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্ট’-এর অধীনে গবেষণাটি সম্পন্ন করেন। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক টবিয়াস ডি কোনিং।
গবেষণায় চীনের অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকা, পুঁজি সঞ্চয়ের প্রক্রিয়া, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অবস্থান এবং বাজারব্যবস্থার সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তিমালিকানাধীন পুঁজিপতি ও বুর্জোয়া শ্রেণিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। চীনের অর্থনৈতিক কাঠামোর আলোকে সেই ধারণার ভিন্নতর ব্যাখ্যা অনুসন্ধান করেছেন পিনাকী।
চিকিৎসাশাস্ত্র থেকে রাজনৈতিক অর্থনীতিতে
পিনাকী ভট্টাচার্যের জন্ম বগুড়া জেলায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনেও জয়ী হন।
চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা ও পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি তিনি লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশ’, ‘ফুলকুমারী’ ও ‘মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম’।
২০১৮ সালে তিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নেন। পরবর্তী সময়ে ২০২১ সালে ফ্রান্সের সরবোন বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন।
পরে ফ্রান্সভিত্তিক বহুজাতিক প্রসাধনসামগ্রী প্রতিষ্ঠান লরিয়ালের ডার্মাটোলজিক্যাল বিউটি বিভাগে মেডিকেল রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ শুরু করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির গ্লোবাল মেডিকেল রিলেশনস বিভাগে কর্মরত রয়েছেন।
চিকিৎসাশাস্ত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা, ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি এবং রাজনৈতিক অর্থনীতি নিয়ে গবেষণার মধ্য দিয়ে পিনাকী ভট্টাচার্যের শিক্ষাজীবনে একাধিক শাস্ত্রে অধ্যয়নের অভিজ্ঞতা যুক্ত হলো।
পারিবারিক জীবনে পিনাকী ভট্টাচার্যের স্ত্রী আঞ্জুমান আরা বেগম একজন চিকিৎসক। তাঁদের এক ছেলে রয়েছে।



