এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে এসব শিক্ষার্থীকে কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ফেল করা শিক্ষার্থীদের জন্য নতুন পরিকল্পনা

এসএসসি পরীক্ষার নতুন পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, বছরের পর বছর ফেল করার ধারাবাহিকতা চলতে দেওয়া হবে না। ১৫ দিনের মধ্যে নেওয়া পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে কি না, তা নির্ধারণ করা হবে। পুনঃপরীক্ষায়ও উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নেওয়া হবে।

ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রী বলেন, যারা পাস করেছে, তারা তো করেছেই। তবে ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীদের কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, সে বিষয়ে ভাবতে হবে। বিশ্বায়ন, প্রযুক্তির অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নৈতিকতা ও আনন্দময় শিক্ষায় গুরুত্ব

শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবক্ষয় রোধে নতুন প্রজন্ম থেকেই উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মোং কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।