বয়স্ক সেবায় বিদেশি কর্মীদের জন্য বিশেষ ভিসা চায় অস্ট্রেলিয়া

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

অভিবাসন কমানোর পরিকল্পনার মধ্যে অস্ট্রেলিয়ায় বয়স্কদের সেবাযত্ন খাতে কর্মী সংকট আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কর্মীদের জন্য পৃথক ‘এসেনশিয়াল স্কিলস ভিসা’ চালুর দাবি জানিয়েছে দেশটির বয়স্কদের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এবং অর্থনৈতিক গবেষণা সংস্থা সিইডিএ।

২০ অক্টোবর এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার আবাসিক বয়স্ক সেবাকেন্দ্রগুলোর কর্মীদের ৫১ শতাংশই বিদেশে জন্মগ্রহণ করেছেন। এদিকে, চলতি দশকের শেষ নাগাদ এ খাতে আরও প্রায় ১ লাখ ১০ হাজার কর্মী প্রয়োজন হবে বলে জানিয়েছে খাতসংশ্লিষ্ট সংগঠন এজিং অস্ট্রেলিয়া।

অন্যদিকে, দেশটির বিরোধী জোট আগামী চার বছরে অস্থায়ী ভিসার সংখ্যা প্রায় ৬ লাখ ৫০ হাজার কমানোর পরিকল্পনা দিয়েছে। লেবার পার্টি ২০২৭-২৮ অর্থবছর থেকে বছরে নিট অভিবাসন কমিয়ে ২ লাখ ২৫ হাজারে আনার লক্ষ্য নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এ সংখ্যা ছিল প্রায় ৩ লাখ। আর ওয়ান নেশন দল টানা তিন বছর নিট ঋণাত্মক অভিবাসনের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ, তাদের পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় আসা মানুষের চেয়ে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে।

সিইডিএর হিসাব অনুযায়ী, শিক্ষার্থী ও তাঁদের সঙ্গীদের ভিসাসহ বিভিন্ন অস্থায়ী ভিসায় অস্ট্রেলিয়ায় আসা প্রায় ৭০ হাজার ব্যক্তিগত সেবাকর্মী বর্তমানে বয়স্কদের সেবাযত্ন খাতে কাজ করছেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা, অভিবাসন কমানোর উদ্যোগের ফলে এ খাতে প্রয়োজনীয় কর্মী পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। এতে বয়স্কদের যথাযথ সেবা নিশ্চিত করাও চ্যালেঞ্জের মুখে পড়বে।

তবে বিরোধী জোটের বক্তব্য, তাদের পরিকল্পনায় দক্ষ কর্মীদের ভিসার সুযোগ বাড়ানো হবে এবং বয়স্কদের সেবাযত্ন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। এ অবস্থায় প্রয়োজনীয় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ বজায় রেখে অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্য কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

সূত্র: এবিসি নিউজ