খুলনায় বসছে আরও ৯৮টি পানির এটিএম, স্বল্পমূল্যে সুপেয় পানি পাবেন নগরবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬
খুলনা মহানগরীর মানুষের জন্য স্বল্পমূল্যে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে খুলনা ওয়াসা ও ড্রিংকওয়েল। এ লক্ষ্যে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। চুক্তি অনুযায়ী, নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও ৯৮টি পানি এটিএম বুথ স্থাপন করা হবে। বর্তমানে চালু থাকা দুটি বুথসহ মোট ১০০টি পানি এটিএমের মাধ্যমে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ পানির সহজলভ্যতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা ওয়াসা ভবনে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ্, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, ড্রিংকওয়েলের ডিরেক্টর ইমতিয়াজ মহসিন, সার্ভিস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আব্দুস সাত্তার, এইচআর প্রধান ফারহানা রহমানসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ্ বলেন, নোনা পানিপ্রবণ খুলনা অঞ্চলে নিরাপদ পানির চাহিদা পূরণে ড্রিংকওয়েলের পানি এটিএম বুথের পরিসর বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানায় ওয়াসা। এ কার্যক্রম বাস্তবায়নে খুলনা ওয়াসার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ড্রিংকওয়েলের ডিরেক্টর ইমতিয়াজ মহসিন বলেন, এ চুক্তির মাধ্যমে খুলনাবাসী স্বল্পমূল্যে সুপেয় পানি পাওয়ার আরও সুযোগ পাবেন। ২০২৪ সাল থেকে খুলনা সিটি করপোরেশন এলাকায় খুলনা ওয়াসার সহযোগিতায় দুটি পানি এটিএম বুথ পরিচালনা করছে ড্রিংকওয়েল। এসব বুথের মাধ্যমে সাধারণ মানুষকে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে।
ড্রিংকওয়েলের সার্ভিস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আব্দুস সাত্তার জানান, ২০১৫ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে রাজধানী ঢাকায় ৩৫০টি পানি এটিএমের মাধ্যমে ২০ লাখের বেশি মানুষকে স্বল্পমূল্যে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ ও ফরিদপুরে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
সমঝোতা স্মারক অনুযায়ী, পানি এটিএম স্থাপনের আগে খুলনা ওয়াসার সরবরাহ করা পানির গুণগত মান এবং প্রয়োজনীয় শোধনব্যবস্থা মূল্যায়ন করবে ড্রিংকওয়েল। প্রয়োজনে অতিরিক্ত পানি শোধনের ব্যবস্থাও নির্ধারণ করা হবে।
পানি এটিএমগুলোতে আরএফআইডি কার্ডের মাধ্যমে পানি সরবরাহের প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে বুথ স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা দেবে খুলনা ওয়াসা ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। অন্যদিকে, এটিএম স্থাপনের যন্ত্রপাতি ও মূলধনি বিনিয়োগ করবে ড্রিংকওয়েল। পাশাপাশি বুথগুলোর নকশা প্রণয়ন, স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে প্রতিষ্ঠানটি।



