সন্ত্রাস দমনে ব্যর্থতার অভিযোগে ইমরানের ঘাঁটিতে গভর্নরের শাসন

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন জারিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

কেন জারি হলো গভর্নরের শাসন

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে স্থানীয় সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে প্রদেশটিতে জরুরি অবস্থা জারি, প্রাদেশিক সরকার স্থগিত এবং গভর্নরের শাসন চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন।

সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

গভর্নরের শাসন জারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তারেক আলী নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, সরকার সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও সংবিধান জনগণের মতামত উপেক্ষা করার অনুমতি দেয় না। চার কোটি মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পাশ কাটিয়ে কীভাবে প্রদেশ পরিচালনা করা সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন

গত এক সপ্তাহ ধরে ইমরান খানের মুক্তির দাবিতে খাইবার পাখতুনখোয়ায় মিছিল, সমাবেশ ও পদযাত্রা করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। প্রদেশটিতে প্রায় ১৩ বছর ধরে পিটিআই ক্ষমতায় রয়েছে। এমন পরিস্থিতিতে গভর্নরের শাসন জারির সময় ও এর পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকেরা।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আরিফা নূরের মতে, সন্ত্রাসবাদ দমনের সঙ্গে জরুরি অবস্থা জারির সরাসরি যোগসূত্র স্পষ্ট নয়। বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারকে মেনে নিতে অনীহাও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।