নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, আইনি পদক্ষেপ চায় সরকার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬
আমেরিকার নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমেরিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এ অবস্থান জানানো হয়।
বাংলাদেশ মিশনকে নির্দেশ
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমেরিকায় নিযুক্ত বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমেরিকার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবিলম্বে আলোচনা করে দায়ীদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিশ্চিত করার উদ্যোগ নিতে বলা হয়েছে।
আমেরিকার সঙ্গে যোগাযোগ
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সাবেক প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমেরিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা সন্ত্রাসীদের পক্ষেই ঘটানো সম্ভব। তাঁর মতে, এ ঘটনা শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা দেশকেই অসম্মান করেছে।



