হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহে একজন এবং বরিশালে একজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এ পর্যন্ত নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৪০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর এই চিত্র জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। পরিস্থিতি মোকাবিলায় শিশুদের টিকাদান, সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব আরও বেড়েছে।



