এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ নিয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধ রাখার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা আর থাকছে না।

বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এর আগে গত ১২ অক্টোবর এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। এ কর্মসূচি ঘিরে গ্রাহকদের মধ্যে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এদিকে, বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।

এ সময় জ্বালানিমন্ত্রী সতর্ক করে বলেন, ধর্মঘট প্রত্যাহার না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলপিজির দাম নির্ধারণ নিয়ে ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্তকে এ খাতের মূল্যসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।