রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ কোচ, নতুন দুই আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রথম চালানে ১৮টি কোচ বাংলাদেশের উদ্দেশে পাঠিয়েছে ভারতীয় রেলওয়ে। নতুন কোচগুলো বহরে যুক্ত হলে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেদে-দর্শনা আন্তদেশীয় রেল সংযোগ দিয়ে এগুলো বাংলাদেশে প্রবেশ করবে। পরে বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তরের পর সৈয়দপুর ওয়ার্কশপে কারিগরি পরীক্ষা ও চালুর প্রস্তুতি নেওয়া হতে পারে।

প্রথম চালানে ১৮ কোচ

প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কার দুটিতে গার্ডের কক্ষ ও মালপত্র রাখার জায়গা রয়েছে।

২০২৪ সালের ২০ মে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সঙ্গে ২০০টি লিংকে-হফম্যান-বুশ (এলএইচবি) ব্রডগেজ কোচ সরবরাহের চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ৯ অক্টোবরের মধ্যে কোচ সরবরাহ, পরীক্ষণ ও চালুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা ও যাত্রীসুবিধায় গুরুত্ব

ভারতের কাপুরথালার কারখানায় তৈরি কোচগুলো বাংলাদেশের রেলওয়ের পরিচালনব্যবস্থা ও যাত্রীদের চাহিদা বিবেচনায় নকশা করা হয়েছে। এতে রয়েছে একাধিক অবস্থানে হেলানো যায় এমন আসন, স্টেইনলেস স্টিলের হাতল এবং পায়ের বিশ্রামের ব্যবস্থা।

কোচগুলোর কাঠামোতে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। এগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে নকশা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে দুর্ঘটনার অভিঘাত মোকাবিলার বিশেষ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও সিসিটিভি নজরদারি। পাশাপাশি যুক্ত করা হয়েছে বায়ো-টয়লেট ও চাপযুক্ত ফ্লাশিং ব্যবস্থা।

চালু হতে পারে দুটি নতুন আন্তনগর ট্রেন

রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কোচ সরবরাহের ভিত্তিতে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা ব্রডগেজ রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এতে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বাড়ানোর পাশাপাশি যাত্রীদের যাতায়াত আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, প্রকল্পের আওতায় ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। কোচগুলো দেশে আসার পর নতুন ট্রেনের রুট নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

কোচ সংকট কাটানোর আশা

যমুনা সেতু-পাবনা, ঢাকা-পদ্মা সেতু এবং খুলনা-মোংলা রেলপথসহ দেশের বিভিন্ন রেলপথ চালু হলেও ব্রডগেজ যাত্রীবাহী কোচের সংকটের কারণে পর্যাপ্ত ট্রেন চালু করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভারত থেকে ২০০টি কোচ সরবরাহ সম্পন্ন হলে নতুন ট্রেন চালুর ক্ষেত্রে এ সংকট কিছুটা কমতে পারে। তবে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।