ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, আক্রান্ত প্রায় ২ হাজার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৭১ জন।

একই সময়ে দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

কোন বিভাগে কত মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৯৭ হাজার ২৯৬ জন।

সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গুতে মারা যাওয়ার তথ্য জানিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগস্ট থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে, যা সেপ্টেম্বরে আরও তীব্র হয়। সেপ্টেম্বরে ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়। আগের মাস আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬।

এ ছাড়া জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন, জুনে ২ হাজার ৯০৬ জন, মে মাসে ৭১৪ জন, এপ্রিলে ৬৪০ জন, মার্চে ৩৫৩ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন এবং জানুয়ারিতে ১ হাজার ৮১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৭৬ জন।