চুয়েটে উপাচার্যকে ঘিরে উত্তেজনা, ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ দশার অবসান
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬
প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পুলিশি পাহারায় তাঁকে ক্যাম্পাস থেকে বের করে আনা হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। উপাচার্যের সঙ্গে অবরুদ্ধ থাকা অন্যরাও মুক্ত হন।
উপাচার্যকে বের করে আনার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার মাসুদ আলম।
যেভাবে অবরুদ্ধ হন উপাচার্য
গত সোমবার (১২ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে সেখানে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তিনি।
পরে শিক্ষার্থীরা উপাচার্যকে ভবন থেকে বেরিয়ে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় শিক্ষার্থীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভবনে তালা দেন। এতে উপাচার্যসহ সেখানে অবস্থানরত ব্যক্তিরা অবরুদ্ধ হয়ে পড়েন।
সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি শুরু হয়।
শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারীদের কর্মবিরতির পাশাপাশি শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
দীর্ঘদিনের আন্দোলনে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। অন্যদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষক সমিতিও।
অচলাবস্থা কাটেনি
দীর্ঘদিন ধরে চলা সংকটের মধ্যে উপাচার্য অবরুদ্ধ হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের উপস্থিতিতে উপাচার্যসহ অবরুদ্ধ ব্যক্তিরা মুক্ত হন।
তবে উপাচার্যকে মুক্ত করার পর বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।



