দিল্লিতে ফের আটক অভিজিৎ, ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি ঘিরে উত্তেজনা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে আটক করা হয়। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার আটক হলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচিটি পালনের কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে অভিজিৎ দীপকের বাড়িতে যায় দিল্লি পুলিশ। তাঁকে কর্মসূচিতে অংশ না নিতে নোটিশ দেওয়া হয়। পরে বাড়ি থেকে বের হলে তাঁকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অভিজিৎ দাবি করেন, তাঁকে কর্মসূচি বাতিল করতে বলা হয়েছিল। ভিডিওতে তাঁকে এক পুলিশ কর্মকর্তার কাছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইতে দেখা যায়।
সিজেপির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসসহ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ। তবে কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করা হয়।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আগে আটক হয়েছিলেন তিনি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই কর্মসূচির আয়োজন করেছিল সিজেপি। মুম্বাই থেকে দিল্লিতে আসার সময় বিমানের ভেতর থেকে তাঁকে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দিল্লি পুলিশ সতর্ক করে জানিয়েছিল, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস এলাকায় চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে শুক্রবার পুলিশ জানিয়েছে, ১১ জনকে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতির তালিকায় অভিজিৎ দীপকে রয়েছেন কি না, তা স্পষ্ট নয়।



