জার্মানিতে প্রশিক্ষণ, বেতন সর্বোচ্চ ২ হাজার ৪৭৩ ইউরো
আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬, বয়সের কোনো সীমা নেই
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
জার্মানিতে ১৮ মাসের বেতনভিত্তিক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদনের সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে (ডিডব্লিউ)। ২০২৮-২৯ সালের এই প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচিত প্রার্থীরা মাসে সর্বোচ্চ ২ হাজার ৪৭৩ ইউরো বেতন পাবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২টার মধ্যে (সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম) আবেদন করতে হবে।
ডয়েচে ভেলের এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে জার্মানির বন ও বার্লিনে। ২০২৮ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৯ সালের জুনে শেষ হবে ১৮ মাসের এ কর্মসূচি। এতে অংশগ্রহণকারীরা সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সম্পাদকীয় বিভাগ এবং বিদেশি ব্যুরোতে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
প্রশিক্ষণে যা থাকছে
কর্মসূচির প্রথম ছয় মাসে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হবে। পরবর্তী নয় মাস অংশগ্রহণকারীরা বার্লিন, বন এবং ডয়েচে ভেলের একটি বিদেশি ব্যুরোর বিভিন্ন সম্পাদকীয় বিভাগে কাজ করবেন। এ ছাড়া এক মাসের একটি ঐচ্ছিক ইন্টার্নশিপ করার সুযোগ থাকবে।
প্রশিক্ষণে মোবাইল সাংবাদিকতা, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, ডেটা সাংবাদিকতা, সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতা এবং ভার্চ্যুয়াল রিয়েলিটিভিত্তিক সাংবাদিকতার মতো বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।
মাসে কত বেতন
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা ধাপে ধাপে বেতন পাবেন। প্রথম ছয় মাসে মাসিক বেতন ২ হাজার ১৯৬ ইউরো, পরবর্তী ছয় মাসে ২ হাজার ৩৭৪ ইউরো এবং শেষ ছয় মাসে ২ হাজার ৪৭৩ ইউরো। বেতনের পরিমাণ কর কাটার আগের হিসাব।
আবেদনের যোগ্যতা জার্মান ভাষাজ্ঞান এবং ইংরেজিতে চমৎকার দক্ষতা থাকতে হবে। সাংবাদিকতার পাশাপাশি আইন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্র থেকে সাংবাদিকতায় আসতে আগ্রহীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে প্রকাশিত বা সম্প্রচারিত কাজের নমুনা জমা দিতে হবে। লিখিত প্রতিবেদন, ভিডিও, অডিও রেকর্ডিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কাজের নমুনা দেওয়া যাবে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রথমে ডয়েচে ভেলের অনলাইন আবেদন পোর্টালে ই-মেইল ঠিকানা নিবন্ধন করতে হবে। এরপর ই-মেইলে পরবর্তী ধাপের নির্দেশনা পাঠানো হবে। আবেদনকারীদের প্রশ্নমালার উত্তর, সৃজনশীল কাজ এবং একটি আবেদনমূলক ভিডিও তৈরি করে জমা দিতে হতে পারে।
প্রথম ধাপে অনলাইন আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং সর্বোচ্চ তিনটি কাজের নমুনা জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দ্বিতীয় ধাপে অনলাইন অ্যাসেসমেন্টে অংশ নিতে হবে। সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন লেখা, প্রশিক্ষকদের সঙ্গে নির্দেশিত আলোচনা এবং একটি টিকটক ভিডিও তৈরির মতো কাজ থাকতে পারে। চূড়ান্ত ধাপে নির্বাচিত প্রার্থীরা ডয়েচে ভেলের পরিচালক, প্রধান সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
যেসব নথি লাগবে
আবেদনের জন্য একটি মোটিভেশন লেটার, বর্তমান জীবনবৃত্তান্তের দুটি সংস্করণ—একটি ইউরোপাস ফরম্যাটে এবং অন্যটি আবেদনকারীর পছন্দের ফরম্যাটে—শিক্ষাগত সনদ বা প্রশিক্ষণের সনদ এবং সর্বোচ্চ তিনটি কাজের নমুনা জমা দিতে হবে।
ইংরেজি ও জার্মান ভাষার দক্ষতার সনদ, ইন্টার্নশিপের সনদ, চাকরির অভিজ্ঞতার প্রমাণ এবং সুপারিশপত্র থাকলে সেগুলোও জমা দেওয়া যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো দেশের নাগরিক বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে বসবাস করলে তাঁর পাসপোর্ট ও আবাসিক অনুমতিপত্রের কপিও প্রয়োজন হবে।
আবেদনসংক্রান্ত নথি ই-মেইলে পাঠানো যাবে না; অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা (সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম)।
আবেদন ও বিস্তারিত তথ্য: ডয়েচে ভেলের অফিসিয়াল ওয়েবসাইট
এ কর্মসূচিতে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। আবেদনকারীদের বিশ্ববিদ্যালয় বা কলেজের ডিগ্রি, কোনো শিক্ষানবিশ প্রশিক্ষণ সম্পন্ন করা কিংবা সাংবাদিকতা স্কুল থেকে স্নাতক হওয়ার যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি সাংবাদিকতায় আগ্রহ ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।



