স্পেনে গবেষণা ফেলোশিপ, মাসে ৭০০ ইউরো ভাতা

স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য ১০টি সুযোগ, আবেদন করা যাবে নির্দিষ্ট সময়সীমা ছাড়াই

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

স্পেনের বার্সেলোনায় গবেষণার সুযোগ দিচ্ছে সেন্টার ফর জিনোমিক রেগুলেশন (সিআরজি)। ২০২৬-২৭ সালের এ গবেষণা ফেলোশিপ কর্মসূচিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১০টি সুযোগ রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ চার মাস গবেষণার সুযোগের পাশাপাশি মাসে ৭০০ ইউরো ভাতা পাবেন।

গবেষণা কর্মসূচিতে জিনোমিকস, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি, বায়োইনফরমেটিকস, জেনেটিকস, প্রোটিওমিকস এবং কম্পিউটেশনাল গবেষণাসহ বিভিন্ন বিষয়ে কাজের সুযোগ রয়েছে। প্রকল্পভেদে যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতার শর্ত আলাদা।

যেসব সুবিধা পাওয়া যাবে

ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে কর কাটার আগের হিসাবে ৭০০ ইউরো ভাতা পাবেন। কর্মসূচির মেয়াদ সর্বোচ্চ চার মাস। এ ছাড়া ভ্রমণ ব্যয়ের জন্য সহায়তা দেওয়া হবে।

ইউরোপের বাইরে থেকে যাতায়াতের ক্ষেত্রে বিমানভাড়া বাবদ সর্বোচ্চ ১ হাজার ইউরো এবং ইউরোপের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য সর্বোচ্চ ৪০০ ইউরো সহায়তার কথা উল্লেখ রয়েছে।

এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বার্সেলোনায় সিআরজির গবেষক দলগুলোর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। আধুনিক গবেষণাপদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি গবেষণা ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর সুযোগও রয়েছে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের স্বীকৃত স্নাতক বা স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর শিক্ষাপ্রতিষ্ঠানকে সিআরজির সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পাদনে সক্ষম হতে হবে।

এ ফেলোশিপে কেবল নতুন গবেষণা-অংশগ্রহণকারীরা আবেদন করতে পারবেন। যাঁরা ইতিমধ্যে সিআরজিতে কাজ করছেন বা যুক্ত রয়েছেন, তাঁরা যোগ্য বিবেচিত হবেন না।

গবেষণা প্রকল্প অনুযায়ী জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিকস, বায়োইনফরমেটিকস, কম্পিউটার বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিতসহ সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোনো কোনো প্রকল্পে পাইথন, আর, ব্যাশ প্রোগ্রামিং ভাষা কিংবা পরীক্ষাগারে কাজের অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে সিআরজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উপলব্ধ ১০টি গবেষণা প্রকল্প সম্পর্কে জানতে হবে। নিজের পড়াশোনা, দক্ষতা ও আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প বেছে নিয়ে আবেদন করতে হবে।

আবেদনের জন্য জীবনবৃত্তান্ত (সিভি), মোটিভেশন লেটার, সুপারিশপত্র এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রস্তুত রাখতে হবে। এরপর পছন্দের প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও গবেষক দলের প্রধানের কাছে সরাসরি নথিপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

এ ফেলোশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো শেষ সময় নেই। প্রতিটি গবেষণা প্রকল্পে উপযুক্ত প্রার্থী পাওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ও বিস্তারিত তথ্য: সিআরজির অফিসিয়াল ওয়েবসাইট