ফ্রান্সে স্নাতকোত্তরে স্কলারশিপ, মাসে মিলবে ১,০০০ ইউরো

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

ফ্রান্সে স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে দেশটির খ্যাতনামা উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান École Normale Supérieure (ENS)। এ বৃত্তির আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাসিক ১ হাজার ইউরো অনুদান ও ক্যাম্পাসে আবাসন সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।

École Normale Supérieure (ENS) ফ্রান্সের একটি উচ্চপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র। প্যারিসের ঐতিহাসিক ‘কোয়ার্টিয়ার লাতিন’ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে মানবিক ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বৃত্তির আওতায় প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ জন এবং কলা ও মানবিক বিভাগে ১০ জন শিক্ষার্থী স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ পান।

বৃত্তির সুযোগ-সুবিধা

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছর পর্যন্ত প্রতি মাসে ১ হাজার ইউরো অনুদান পাবেন। পাশাপাশি ENS-এর ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা করা হবে।

আবেদনের যোগ্যতা

বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—

– আবেদনকারীর বয়স ২৬ বছরের কম হতে হবে।

– আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

– আবেদনকারীকে নতুন শিক্ষার্থী হতে হবে।

– আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া

ENS-এর বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে বৃত্তির বিস্তারিত শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্বাচনের নিয়ম যাচাই করে নেওয়া উচিত।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬।