বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বা ‘রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। আদালতে রিট আবেদনটি উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, এই চুক্তিটি অযৌক্তিক এবং কাঠামোগতভাবে বাংলাদেশের জন্য অসম। এটি বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া রিটে অভিযোগ করা হয় যে, চুক্তিটি সম্পাদনের ক্ষেত্রে সংবিধানে নির্ধারিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
আবেদনে আরও বলা হয়েছে, চুক্তিতে বাংলাদেশের ওপর বৈষম্যমূলক শুল্ককাঠামো চাপিয়ে দেওয়া হয়েছে, যা নীতিনির্ধারণী স্বাধীনতা খর্ব করাসহ দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই রিট আবেদনে পররাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়েছে। উচ্চ আদালতে শিগগিরই এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।



