আইফোনের জন্য বন্ধুকে হত্যা, হবিগঞ্জে মরদেহ উদ্ধার; আটক ১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের সাত দিন পর তারেক আহমেদ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বন্ধু সাহেল মিয়াকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আইফোন নেওয়ার জন্য তারেককে হত্যার কথা সাহেল স্বীকার করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে লাখাই উপজেলার ফুলবাড়ী গ্রামের একটি ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়। আটক সাহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের মহব্বত উল্লার ছেলে। একই গ্রামের নুরুজ্জামানের ছেলে সাহেল মিয়া তাঁর বাল্যবন্ধু। কয়েক দিন আগে তাঁরা দুজন লাখাই উপজেলার ফুলবাড়ী গ্রামে একটি ভবন নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করতে যান।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাহেল জানান, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঘুমন্ত তারেককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এরপর তারেকের ব্যবহৃত আইফোনটি নিয়ে মরদেহ ফুলবাড়ী গ্রামের একটি ডোবায় লুকিয়ে রাখেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ফোনটি পরে ১৫ হাজার টাকায় বিক্রি করেন সাহেল।

লাখাই উপজেলার ফুলবাড়ী গ্রামের ওই ডোবা থেকে নবীগঞ্জ থানার পুলিশ তারেকের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি আবুল হোসেন বলেন, সাহেলের স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মামলা দায়েরের পর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালের কণ্ঠ