ডেঙ্গুতে এক দিনে আরো ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অক্টোবরে ১৪ দিনে ৮৬ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি ছাড়াল ১ লাখ ৭ হাজার
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৪৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৮৩০ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।



