উত্তরা আজমপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ৬-৭টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবির বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পাওয়ায় তারা সড়কে নেমেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সে সময় তাঁদের দাবি ছিল, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।



