ভারতের জেন-জি আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা, বললেন নেহা বোরা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ভারতের তরুণদের সরকারবিরোধী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তাঁর ভাষ্য, ভারতজুড়ে চলমান জেন-জি আন্দোলনের সূচনা হয়েছে বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে।

প্রগতিশীল ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তাটি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতীয় তরুণদের পথ দেখানো এবং তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য বাংলাদেশের তরুণদের ধন্যবাদ। বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। ভারতে বর্তমানে চলমান বিক্ষোভের লক্ষ্যও একই রকম বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা জানিয়ে এআইএসএর এই নেত্রী বলেন, তাঁরা বাংলাদেশের আন্দোলন থেকে অনেক কিছু শিখেছেন এবং বাংলাদেশের তরুণদের প্রতি সংহতি প্রকাশ করছেন।

নেহা বোরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের তরুণদের পারস্পরিক সংহতি ও সহযোগিতার মধ্য দিয়ে একটি সুন্দর দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব হবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে দেওয়া এ বার্তায় দুই দেশের তরুণদের আন্দোলনের অভিজ্ঞতা ও পারস্পরিক সংহতির বিষয়টি গুরুত্ব পেয়েছে।