ইউরোপীয় পার্লামেন্টে পাঁচ মাসের প্রশিক্ষণ, মিলবে মাসিক বৃত্তি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে পাঁচ মাস মেয়াদি প্রশিক্ষণের (ট্রেইনিশিপ) সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য প্রার্থীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বৃত্তি ও সীমিত ভ্রমণ ভাতাসহ বিভিন্ন সুবিধা পাবেন। আগামী ৩১ অক্টোবর আবেদন শেষ হবে।
ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রাসেলস বা লুক্সেমবার্গে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক আবেদনকারীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর নাগরিকেরাও এতে অংশ নিতে পারবেন।
যেসব বিষয়ে প্রশিক্ষণ
ইউরোপীয় পার্লামেন্টে যোগাযোগ, আইন, বহুভাষা, আন্তর্জাতিক সম্পর্ক, প্রশাসন, অবকাঠামো ও লজিস্টিকস, ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ নীতি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং মানবসম্পদসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
যেসব সুবিধা পাওয়া যাবে
প্রশিক্ষণার্থীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে মাসিক বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত শর্ত অনুযায়ী ভ্রমণ ভাতা এবং প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের জন্য অতিরিক্ত সহায়তার ব্যবস্থা রয়েছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে নির্বাচিত প্রার্থীদের ভিসা, বসবাসের অনুমতি এবং প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের ব্যবস্থা ও সংশ্লিষ্ট ব্যয় নিজ দায়িত্বে বহন করতে হবে। এসব ব্যয় ইউরোপীয় পার্লামেন্ট বহন করবে না।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। বয়সের সর্বোচ্চ কোনো সীমা নেই। প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত তিন বছরের উচ্চশিক্ষা সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত প্রযোজ্য হতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট ও পরিচয়পত্রের কপি এবং প্রয়োজনীয় অপরাধমূলক রেকর্ডসংক্রান্ত সনদ প্রস্তুত রাখতে হবে। সংশ্লিষ্ট কর্মসূচির নির্দেশনা অনুযায়ী নথিপত্র জমা দিতে হবে।
প্রশিক্ষণের সময়সূচি
ইউরোপীয় পার্লামেন্টের ট্রেইনিশিপ সাধারণত বছরে দুই দফায় অনুষ্ঠিত হয়। মে মাসে আবেদন করলে প্রশিক্ষণ শুরু হয় ১ অক্টোবর এবং শেষ হয় পরবর্তী বছরের ফেব্রুয়ারির শেষ দিকে। অক্টোবর মাসে আবেদন করলে প্রশিক্ষণ শুরু হয় পরবর্তী বছরের ১ মার্চ এবং শেষ হয় ৩১ জুলাই।
প্রতিটি প্রশিক্ষণের মেয়াদ পাঁচ মাস। আবেদনকারীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ইউরোপীয় পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তথ্য, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়া জানতে পারবেন।
আবেদনের বিস্তারিত: https://www.europarl.europa.eu/at-your-service/en/work-with-us/traineeships
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।



