সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ

সানজিদা হক প্রমা

সানজিদা হক প্রমা

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়ে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স ২০২৭’। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের পূর্ণ অর্থায়নে ফেলোশিপ দেওয়া হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের বিমানভাড়া, হোটেলে থাকা, সম্মেলনে নিবন্ধন ও নির্ধারিত খাবারের ব্যয় বহন করবে আয়োজকরা।

২০২৭ সালের ১৯ থেকে ২৩ অক্টোবর নেদারল্যান্ডসের রটারডামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আয়োজন করছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) এবং ডাচ-ফ্লেমিশ অ্যাসোসিয়েশন অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (ভিভিওজে)। সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রটারডামের ডে ডোলেন আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টির বেশি দেশের সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ ও প্রশিক্ষকেরা এ সম্মেলনে অংশ নেবেন। অনুসন্ধানী সাংবাদিকতা, ডেটা জার্নালিজম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু সাংবাদিকতা এবং অনলাইন গবেষণার বিভিন্ন কৌশল নিয়ে ১৫০টির বেশি অধিবেশন, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

যেসব সুবিধা পাওয়া যাবে

নির্বাচিত ফেলোদের রটারডামে যাওয়া-আসার বিমানভাড়া, চার রাতের হোটেল আবাসন এবং বিমানবন্দর থেকে সম্মেলনের হোটেলে যাতায়াতের ব্যবস্থা করা হবে। এ ছাড়া সম্মেলনে বিনা মূল্যে নিবন্ধন এবং নির্ধারিত দিনের সকালের ও দুপুরের খাবার দেওয়া হবে।

১৯ অক্টোবর উদ্বোধনী অভ্যর্থনা অনুষ্ঠানে এবং ২২ অক্টোবর পুরস্কার বিতরণী নৈশভোজেও অংশ নিতে পারবেন ফেলোরা। সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও প্রশিক্ষণে অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ পাবেন তাঁরা।

কারা আবেদন করতে পারবেন

উন্নয়নশীল ও অর্থনৈতিক রূপান্তরধারী দেশের পেশাদার সাংবাদিকেরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, রেডিও, ভিডিও, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের আবেদনের সুযোগ রয়েছে। ফ্রিল্যান্স সাংবাদিকেরাও আবেদন করতে পারবেন।

অনুসন্ধানী সাংবাদিকতা বা ডেটা জার্নালিজমে অভিজ্ঞতা থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পেতে পারেন। তবে এ ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। গ্লোবাল সাউথের দেশ এবং ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব পাওয়া জনগোষ্ঠীর সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

যোগ্য দেশের তালিকার বাইরে থাকা কোনো দেশের সাংবাদিকও আবেদন করতে পারবেন, যদি সম্মেলনে অংশগ্রহণের ব্যয় বহন করা তাঁদের পক্ষে সম্ভব না হয়। সে ক্ষেত্রে আবেদনপত্রের ‘অ্যাডিশনাল নোটস’ অংশে আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে। আবেদন করতে ইংরেজি ভাষায় কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে এবং আবেদনপত্র ইংরেজিতে পূরণ করতে হবে।

নির্বাচিত ফেলোদের সম্মেলন-সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করতে অথবা সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা নিয়ে উপস্থাপনা দিতে সম্মত হতে হবে।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী সাংবাদিকদের জিআইজেএনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আবেদনসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে অনলাইন ফরম পূরণ করতে হবে। এতে ব্যক্তিগত তথ্য, জাতীয়তা, যোগাযোগের বিবরণ, সাংবাদিকতার অভিজ্ঞতা ও পেশাগত কাজের তথ্য দিতে হবে।

আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৭। আবেদন করার আগে যোগ্যতা, অর্থায়নের শর্ত এবং প্রয়োজনীয় অঙ্গীকারগুলো মূল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন–