বিদেশে উচ্চশিক্ষার আবেদন, শুরুতেই যে ভুলগুলো এড়াবেন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার জন্য পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় ঠিক করেছেন, কিন্তু আবেদনপ্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন? স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) কীভাবে লিখবেন, কার কাছে সুপারিশপত্র চাইবেন কিংবা কোন নথি কখন জমা দিতে হবে—এসব প্রশ্নের উত্তর আগে থেকেই জানা জরুরি।

শুধু ভালো একাডেমিক ফলাফল থাকলেই বিদেশে ভর্তির সুযোগ নিশ্চিত হয় না। আবেদনে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা কার্যকরভাবে তুলে ধরতে হয়। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়িয়ে শুরু থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

স্টেটমেন্ট অব পারপাস ও সুপারিশপত্র

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে নির্দিষ্ট বিষয়ে পড়তে চাওয়ার কারণ, সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহ তৈরির পটভূমি, পূর্ববর্তী পড়াশোনা ও অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

বিশ্ববিদ্যালয় ও পাঠ্যক্রমভেদে এসওপি লেখার নির্দেশনা আলাদা হতে পারে। তাই একই লেখা সব বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরিবর্তে প্রতিটি প্রোগ্রামের চাহিদা অনুযায়ী এসওপি তৈরি করা ভালো।

অন্যদিকে, লেটার অব রিকমেন্ডেশন (এলওআর) বা সুপারিশপত্রের জন্য এমন শিক্ষক কিংবা পেশাজীবীর সহায়তা নেওয়া উচিত, যিনি আবেদনকারীর দক্ষতা, কাজের মান ও সম্ভাবনা সম্পর্কে নির্দিষ্ট উদাহরণসহ বলতে পারবেন। আবেদনের আগে সুপারিশপত্রের সংখ্যা, সুপারিশকারীর যোগ্যতা এবং জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

সিভি, একাডেমিক নথি ও পোর্টফোলিও

আবেদনের জন্য হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক নম্বরপত্র ও সনদ, ভাষাগত দক্ষতার প্রমাণ এবং প্রয়োজন অনুযায়ী পোর্টফোলিও প্রস্তুত রাখতে হবে।

সিভিতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, গবেষণা, ইন্টার্নশিপ, দক্ষতা ও অর্জন সংক্ষেপে তুলে ধরুন। শিল্পকলা, নকশা, চলচ্চিত্র, গণমাধ্যম কিংবা সৃজনশীল বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে পোর্টফোলিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে সব বিশ্ববিদ্যালয়ে একই ধরনের নথি প্রয়োজন হয় না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা দেখে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা তৈরি করা উচিত।

ভর্তির সময়সীমা ও আবেদন ব্যবস্থাপনা

বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির সেশন ও আবেদনের শেষ সময় আলাদা হয়। তাই সম্ভাব্য বিশ্ববিদ্যালয়, পাঠ্যক্রম, আবেদনের সময়সীমা, প্রয়োজনীয় নথি ও আবেদন ফি নিয়ে একটি তালিকা তৈরি করা কার্যকর কৌশল।

একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাইলে প্রতিটির শর্ত আলাদাভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি পাসপোর্ট, পরীক্ষার ফল, সুপারিশপত্র ও অন্যান্য নথি সংগ্রহের জন্য পর্যাপ্ত সময় রাখা জরুরি।

বিদেশে উচ্চশিক্ষার আবেদনের প্রস্তুতি সম্পর্কে ফিউচারএড ইংলিশের স্টাডি অ্যাব্রোড বিভাগের অপারেশন হেড ইশতিয়াক মাহবুব প্রথম আলোকে বলেন, শিক্ষাগত সনদ, নম্বরপত্র, পাসপোর্ট, হালনাগাদ সিভি, ভাষাদক্ষতার সনদ, এসওপি, সুপারিশপত্র এবং প্রাসঙ্গিক কাজ ও প্রশিক্ষণের নথি আগে থেকেই প্রস্তুত রাখা জরুরি।

তিনি আরও বলেন, এসওপি, সিভি ও সুপারিশপত্রে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ও পাঠ্যক্রম নির্বাচনের কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তথ্যভিত্তিকভাবে তুলে ধরতে হবে। একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে পৃথক যাচাইতালিকা ও ফোল্ডার তৈরি, নথির তথ্যের সামঞ্জস্য যাচাই, প্রয়োজনীয় অনুবাদ ও সত্যায়ন এবং আবেদনের অগ্রগতি নিয়মিত সংরক্ষণ করা উচিত।

আবেদনে যেসব ভুল এড়িয়ে চলবেন

অসম্পূর্ণ নথি জমা দেওয়া, ভুল তথ্য দেওয়া, নির্দেশনা না পড়ে আবেদন করা কিংবা শেষ দিনের জন্য গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখা—এসব ভুল আবেদনপ্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ও নথি আবার যাচাই করুন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি দপ্তরের সাথে যোগাযোগ করে অস্পষ্ট বিষয়গুলো নিশ্চিত হয়ে নিন। নথি অনুবাদ, সত্যায়ন বা পরীক্ষার ফল প্রকাশে সময় লাগতে পারে—তাই এসব কাজের জন্যও আগেভাগে পরিকল্পনা করা দরকার।

বিদেশে উচ্চশিক্ষার আবেদন কেবল ফরম পূরণের বিষয় নয়; এটি নিজের যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরারও সুযোগ। সময়মতো নথি প্রস্তুত, বিশ্ববিদ্যালয়ভেদে শর্ত যাচাই এবং আবেদনের শেষ সময় অনুসরণের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে আরও গোছানো ও কার্যকর করা সম্ভব।

সূত্র: প্রথম আলো