জার্মানিতে যুব দূত কর্মসূচি, ভ্রমণ ব্যয় বহন করবে আয়োজকরা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
টেকসই উন্নয়ন ও তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করা তরুণদের জন্য জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এইচএসসি ইয়ুথ অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭’। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যাতায়াত ব্যয় বহন ও আবাসনের ব্যবস্থা করবে আয়োজকরা। আবেদন করতে কোনো ফি দিতে হবে না। আগামী ১৯ অক্টোবর আবেদনের শেষ সময়।
জার্মানির হামবুর্গে ২০২৭ সালের ৩১ মে ও ১ জুন এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের মধ্যে রয়েছে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয় (বিএমজেড), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), মাইকেল অটো ফাউন্ডেশন এবং হামবুর্গ নগর কর্তৃপক্ষ।
কর্মসূচিটির লক্ষ্য টেকসই উন্নয়নে কাজ করা তরুণ নেতাদের একত্র করা এবং তাঁদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা। অংশগ্রহণকারীরা বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে পরিচিত হওয়া ও নিজেদের কাজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তাঁকে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি-ডিএসি) বর্তমান সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) গ্রহণকারী কোনো দেশের নাগরিক এবং ওই দেশে বসবাসকারী হতে হবে।
টেকসই উন্নয়নসংক্রান্ত সমস্যা সমাধানে নিজস্ব উদ্যোগ প্রতিষ্ঠা করে কাজ করেছেন অথবা বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছেন—এমন তরুণদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। নিজ সম্প্রদায়ে টেকসই উন্নয়ন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা এবং নির্ধারিত সময়ে কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের আয়োজকদের আনুষ্ঠানিক আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, যোগাযোগের বিবরণ, বর্তমান পেশা ও পেশাগত কার্যক্রম উল্লেখ করতে হবে। টেকসই উন্নয়নের কোন কোন বিষয়ে কাজ করছেন, ইতিমধ্যে কী উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে, তা তুলে ধরতে হবে।
এ ছাড়া ২০২৬ সালের এইচএসসি কর্মসূচির কোন অধিবেশনে অংশ নিতে চান এবং কেন, আগে টেকসই উন্নয়নবিষয়ক সম্মেলন বা যুব কর্মসূচিতে অংশ নিয়েছেন কি না, লিংকডইন প্রোফাইলের লিংক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কাজের লিংক দিতে হবে।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, আবেদনপত্রের বাইরে অতিরিক্ত কোনো নথিপত্র জমা দিতে হবে না। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
আগ্রহীদের আবেদন করার আগে আয়োজকদের মূল ওয়েবসাইট থেকে কর্মসূচির যোগ্যতা, অর্থায়নের শর্ত এবং আবেদনের সময়সীমা যাচাই করে নেওয়া উচিত।



