ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা ব্যক্তিদের সবাইকে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর তাঁদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়া হয়, যাতে তাঁরা নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন। ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়া নিরুৎসাহিত করতে দেশজুড়েও সচেতনতামূলক কার্যক্রম চলছে।
ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিদের ফেরত আনার প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সাথে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে ফেরত আসা মানুষের সংখ্যা বেশি।
এদিকে, বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী নেওয়ার উদ্যোগও নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।



