ইতালির রোমে শিক্ষানীতির প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
ইতালির রাজধানী রোমে সরকারের শিক্ষানীতির প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজারো শিক্ষার্থী। সরকারি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং শিক্ষার মান উন্নয়নের দাবিতে গত ১৬ অক্টোবর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘নো মেলোনি ডে’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের শিক্ষানীতির বিরোধিতা করেন আন্দোলনকারীরা।
আয়োজকদের দাবি, রোমের বিক্ষোভে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নেন। একই দিনে ইতালির তুরিন, মিলান, জেনোয়া, ভেনিস ও ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সকালে রোমের বিভিন্ন স্থান থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঐতিহাসিক কেন্দ্রের সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের দিকে অগ্রসর হয়। এ সময় তাঁদের ব্যানার ও স্লোগানে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সামরিক ব্যয় কমানোর দাবি উঠে আসে। শিক্ষার্থীদের স্লোগান ছিল, ‘স্কুলের জন্য অর্থ, যুদ্ধের জন্য নয়’ এবং ‘অস্ত্র কমাও, অধিকার বাড়াও’।
বিক্ষোভকারীদের অভিযোগ, ইতালির অনেক সরকারি বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ জরাজীর্ণ। পাশাপাশি রয়েছে শিক্ষকসংকট এবং মানসম্মত শিক্ষার পরিবেশের অভাব। এসব সমস্যা সমাধানে বিদ্যালয় সংস্কার, শ্রেণিকক্ষের উন্নয়ন, শিক্ষকদের কর্মপরিবেশের উন্নতি এবং সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে উত্তেজনা দেখা দেয়। কিছু বিক্ষোভকারী সড়কে বাধা সৃষ্টি করেন এবং পুলিশের দিকে আতশবাজি ও অন্যান্য বস্তু নিক্ষেপ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সামনেও বোতল, ডিমসহ বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বলছেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষা খাতে আরও বিনিয়োগ প্রয়োজন। তাঁদের দাবি, শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে শিক্ষানীতিতে পরিবর্তন আনতে হবে। এসব দাবির বিষয়ে ইতালি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে।



