ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই: জেলেনস্কি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করে তিনি বলেছেন, এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও শক্তিশালী হবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কিয়েভ থেকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে কথা বলেন।
রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা তাঁকে আরও শক্তিশালী করবে। তাঁর মতে, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তা ইউক্রেনের জন্য ক্ষতিকর হবে।
জেলেনস্কি বলেন, ‘পুতিনের প্রতি আমার মনোভাব খুবই স্পষ্ট। আমি মনে করি, আমরা যদি নিষেধাজ্ঞা তুলে নিই, তবে তাঁকে আরও শক্তিশালী করব। এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও আমার মধ্যকার কোনো ব্যক্তিগত বিষয় নয়। স্বাভাবিকভাবেই আমি যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরুদ্ধে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রুশ জ্বালানি কেনার চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে জেলেনস্কি মনে করেন, রাশিয়ার ওপর চাপ কমানো হলে যুদ্ধ বন্ধের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, পুতিনের যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা নেই। ইউক্রেনের অংশীদারদের প্রতি তাঁর আহ্বান, রাশিয়াকে আরও শক্তিশালী হওয়ার বা ইউক্রেনকে দুর্বল করার সুযোগ দেওয়া উচিত নয়।
যুদ্ধ বন্ধের আলোচনায় অনিশ্চয়তা
জেলেনস্কির এ সাক্ষাৎকারের আগে বুধবার আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। এর আগের দিন নরওয়েতে জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন উইটকফ।
আমেরিকার নাগরিক স্টিফেন হাববার্ডের মুক্তির বিষয়ে পুতিনের সিদ্ধান্তকে মানবিক বলে বর্ণনা করে বিতর্কের জন্ম দেন উইটকফ। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলে হাববার্ডের মুক্তি অনিশ্চিত হয়ে পড়তে পারত।
উইটকফের সফরের পর পুতিন আগামী নভেম্বরে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে জানানো হলেও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
পুতিনের ভূমিকা নিয়ে সমালোচনা করে জেলেনস্কি বলেন, তিনি অন্য মানুষের জীবন নিয়ে খেলছেন এবং যুদ্ধ থামাতে চান না। ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য, যুদ্ধ বন্ধে আলোচনার পাশাপাশি রাশিয়ার ওপর চাপ বজায় রাখা জরুরি।
ভূখণ্ড ছাড়তে রাজি নয় ইউক্রেন
সাক্ষাৎকারে জেলেনস্কি বর্তমান সম্মুখসারিতে যুদ্ধ স্থগিত করে যুদ্ধবিরতি, প্রাণহানি বন্ধ এবং আলোচনার পথ তৈরির সম্ভাবনার কথাও বলেন। তবে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়ার ধারণা প্রত্যাখ্যান করেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘আমাদের ভূমি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের সঙ্গে সম্পর্কিত, কিলোমিটারের সঙ্গে নয়। এই ভূমি রক্ষা করতে, আমাদের স্বাধীনতা ও দেশ রক্ষা করতে অনেক মানুষ মারা গেছেন।’
তিনি আরও বলেন, সাময়িকভাবে দখল করা অঞ্চলগুলোকে কেউ রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে না বলে তিনি মনে করেন। ইউক্রেনও দখলকৃত এলাকাগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।
আরও ক্ষেপণাস্ত্র চায় কিয়েভ
জেলেনস্কি বলেন, ইউরোপের মিত্ররা ইউক্রেনকে কিছু বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও তা দেশটির আত্মরক্ষার জন্য যথেষ্ট নয়।
ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, মিত্রদের কাছ থেকে এখন তাঁর দেশের প্রধানত দুটি বিষয় প্রয়োজন—রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা এবং ইউক্রেনকে আরও উন্নত ক্ষেপণাস্ত্র সরবরাহ করা।
সূত্র: সিএনএন



