বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যাওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য সুখবর। জার্মানির অন্যতম মর্যাদাপূর্ণ হাইনরিশ বোল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৬-এর আবেদন কার্যক্রম চলছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপের আওতায় স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাওয়া যাবে।

হাইনরিশ বোল ফাউন্ডেশন প্রতিবছর জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও সামাজিকভাবে সচেতন শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করে। শুধু একাডেমিক ফল নয়, গণতন্ত্র, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার ও নেতৃত্ব বিকাশে সম্পৃক্ততাকেও মূল্যায়ন করা হয়।

প্রতিবছর প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী এই স্কলারশিপের সুযোগ পান। আবেদন গ্রহণ করা হয় বছরে দুই দফায়—১ মার্চ ও ১ সেপ্টেম্বর।

স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পড়াশোনার পুরো সময়জুড়ে আর্থিক সহায়তা পাবেন। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা মাসে প্রায় ৯৩৪ ইউরো ভাতা পেয়ে থাকেন। পিএইচডি গবেষকদের জন্য আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া আবাসন, স্বাস্থ্যবীমা, গবেষণা ব্যয়, ভ্রমণ ভাতা এবং পরিবারভিত্তিক অতিরিক্ত সহায়তার ব্যবস্থাও রয়েছে।

এছাড়া নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন মেন্টরিং প্রোগ্রাম, প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার এবং আন্তর্জাতিক অ্যালামনাই নেটওয়ার্কে অংশ নেওয়ার সুযোগ পান, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্কলারশিপের জন্য আবেদনকারীদের ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।

পিএইচডি আবেদনকারীদের ক্ষেত্রে জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা গবেষণা তত্ত্বাবধায়কের (সুপারভাইজার) অনুমোদন থাকতে হবে। একই সঙ্গে গবেষণা প্রস্তাব জমা দেওয়া এবং জার্মান ভাষায় দক্ষতা প্রদর্শন করতে হবে।

নন-ইইউ (ইউরোপীয় ইউনিয়নের বাইরের) দেশগুলোর শিক্ষার্থীদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং জার্মান ভাষায় দক্ষতার প্রমাণ প্রয়োজন হবে। যারা আগে জার্মানিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, তারা সাধারণত এই স্কলারশিপের জন্য বিবেচিত হন না।

মাস্টার্স আবেদনকারীদের সিভি, মোটিভেশন লেটার, দুটি রেফারেন্স লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলর সনদ, সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততার বিবরণ এবং ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে। অন্যদিকে পিএইচডি আবেদনকারীদের গবেষণা প্রস্তাব, থিসিসের কাঠামো, এক বছরের গবেষণা পরিকল্পনা এবং বিস্তারিত মোটিভেশন লেটার জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারীদের সাক্ষাৎকার, কর্মশালা এবং দলীয় আলোচনায় অংশ নিতে হয়। একাডেমিক মেধা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় স্কলারশিপপ্রাপ্তদের।

বিশ্বমানের শিক্ষা, আন্তর্জাতিক পরিবেশ এবং পূর্ণ অর্থায়নের সুযোগ থাকায় জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে হাইনরিশ বোল ফাউন্ডেশন স্কলারশিপ অন্যতম আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।