আমেরিকান ভিজিটর ভিসা ইন্টারভিউ: প্রস্তুতিই সফলতার চাবিকাঠি

মহিবুল ইসলাম মাসুম

মহিবুল ইসলাম মাসুম

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো মানুষ পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে আমেরিকান ভিজিটর ভিসার জন্য আবেদন করেন। অনেকেরই ধারণা, ফাইল ভর্তি কাগজপত্র বা ব্যাংকে বিপুল অঙ্কের টাকা দেখাতে পারলেই ভিসা পাওয়া সহজ হয়ে যায়। বাস্তবে আমেরিকান ভিজিটর ভিসা ইন্টারভিউ মূলত কাগজপত্রের নয়; এটি আবেদনকারীর বিশ্বাসযোগ্যতা, ভ্রমণের উদ্দেশ্য, ব্যক্তিত্ব এবং নিজ দেশে ফিরে আসার সম্ভাবনা মূল্যায়নের একটি প্রক্রিয়া।

আমার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতায় দেখেছি যে, অনেক যোগ্য আবেদনকারী কেবল ভুল প্রস্তুতির কারণে ভিসা পান না। আবার অনেক সাধারণ প্রোফাইলের আবেদনকারী সঠিক উপস্থাপনা, আত্মবিশ্বাস এবং স্বাভাবিক আচরণের মাধ্যমে সফল হন। তাই ভিসা ইন্টারভিউতে সফল হতে কয়েকটি বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত।

প্রথমত, কাগজপত্র নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় ডকুমেন্টে ভরা ফাইল বহন করার পরিবর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ সাথে রাখাই যথেষ্ট; যেমনঃ সদ্য তোলা ছবি, ভিজিটিং কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি, চাকরিজীবীদের অভিজ্ঞতার সনদ বা এনওসি, ভিসা ফি পরিশোধের রশিদ। বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই ভিসা কর্মকর্তা এসব কাগজ দেখতে চান না; তিনি আবেদনকারীর বক্তব্য ও আচরণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেন।

দ্বিতীয়ত, পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দেখাতেই একজন আবেদনকারীর পরিচ্ছন্নতা, রুচি ও আত্মবিশ্বাসের ছাপ পড়ে। তবে এর অর্থ এই নয় যে, সবাইকে স্যুট-টাই পরতে হবে। আপনি যে পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটির মধ্যেই সবচেয়ে পরিচ্ছন্ন, মানানসই ও রুচিশীল পোশাকটি বেছে নিন। যাদের কখনো স্যুট পরার অভ্যাস নেই, তারা শুধু ইন্টারভিউয়ের জন্য হঠাৎ স্যুট পরে গেলে অস্বস্তি প্রকাশ পেতে পারে। নারীদের ক্ষেত্রেও একই পরামর্শ, শাড়ি, সালোয়ার-কামিজ বা হিজাব যে পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটিই পরুন। অতিরিক্ত গহনা বা ভারী মেকআপের প্রয়োজন নেই; পরিমিত ও মার্জিত উপস্থাপনাই সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলে।

তৃতীয়ত, ইন্টারভিউয়ের আগে ভালোভাবে অনুশীলন করুন। সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে পরিবারের সদস্যদের সাথে অনুশীলন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। পরিবার নিয়ে ইন্টারভিউ দিতে গেলে আগে থেকেই ঠিক করে নিন কে কোথায় দাঁড়াবেন, ফাইল কার হাতে থাকবে এবং কে প্রশ্নের উত্তর দেবেন। অনেক সময় স্ত্রী বা সন্তানকেও প্রশ্ন করা হয়। তাই তাদেরও আবেদনপত্রে দেওয়া তথ্য সম্পর্কে ধারণা থাকা জরুরি।

ভাষা নির্বাচনেও বাস্তববাদী হোন। ইংরেজিতে সাবলীল হলে ইংরেজিতে উত্তর দিন, অন্যথায় বাংলায় কথা বলুন। ভাঙা-ভাঙা ইংরেজিতে প্রভাবিত করার চেষ্টা না করে স্বাভাবিক ভাষায় আত্মবিশ্বাসের সাথে কথা বলাই ভালো। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হওয়া উচিত সংক্ষিপ্ত, পূর্ণাঙ্গ এবং প্রাসঙ্গিক। একবাক্যে উত্তর না দিয়ে এমনভাবে বলুন, যাতে একই বিষয়ে ভিসা কর্মকর্তার আপনাকে বারবার প্রশ্ন করতে না হয়। তবে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক বা বাড়তি তথ্য যোগ করা থেকেও বিরত থাকুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার প্রতিটি উত্তরে তিনটি বার্তা স্পষ্ট হওয়া উচিত। প্রথমত, আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং এখানে আপনার পরিবার, পেশা বা ব্যবসার মতো দৃঢ় সম্পর্ক রয়েছে। দ্বিতীয়ত, আমেরিকায় যাওয়ার একটি যৌক্তিক ও বিশ্বাসযোগ্য কারণ রয়েছে। তৃতীয়ত, সফর শেষে আপনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। এই বিষয়গুলো বোঝার দিকে ভিসা কর্মকর্তার মূল আগ্রহ থাকে।

নিজের পেশা বা ব্যবসা সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা করুন। অতিরিক্ত প্রযুক্তিগত শব্দ ব্যবহার না করে এমনভাবে বলুন, যাতে সাধারণ একজন মানুষও আপনার পেশা বা কাজ সম্পর্কে সহজেই বুঝতে পারেন। একই সাথে ইন্টারভিউকে ভয়ের বিষয় হিসেবে না দেখে আত্মবিশ্বাসের সাথে নিজের সত্য তথ্য উপস্থাপনের সুযোগ হিসেবে দেখুন। মনে রাখবেন, ভিসা না পেলে আবার আবেদন করার সুযোগ রয়েছে। তাই অযথা মানসিক চাপ নেওয়ার কোনো কারণ নেই।

আমেরিকান ভিজিটর ভিসা ইন্টারভিউতে সফলতার কোনো শর্টকাট নেই। তবে সঠিক প্রস্তুতি, পরিচ্ছন্ন ও রুচিশীল উপস্থাপনা, সংক্ষিপ্ত ও বিশ্বাসযোগ্য উত্তর, পর্যাপ্ত অনুশীলন এবং আত্মবিশ্বাস – এই কয়েকটি বিষয়ই আপনার সফলতার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। কাগজপত্রের চেয়ে বেশি গুরুত্ব দিন নিজের ব্যক্তিত্ব, সততা ও উপস্থাপনাকে। কারণ একজন ভিসা কর্মকর্তা শেষ পর্যন্ত কাগজ নয়, মানুষকেই মূল্যায়ন করেন।

 

সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা