আমেরিকার ভিসা আবেদন কেন রিফিউজড হয়?

মহিবুল ইসলাম মাসুম

মহিবুল ইসলাম মাসুম

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

আমেরিকার ভিজিটর ভিসা পাওয়া অনেকের কাছে একটি স্বপ্নের মতো।  তবে ভিসা আবেদন রিফিউজড হওয়ার অভিজ্ঞতাও কম নয়।  প্রায়ই দেখা যায় যে, আবেদনকারী মনে করেন তাঁর সবকিছু ঠিক ছিল, প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত ছিল, তবুও ভিসা পাননি।  আবার অনেকের প্রশ্ন, একবার রিফিউজড হলে কি আবার আবেদন করা যাবে? কতদিন পর আবেদন করা যাবে? কেন ভিসা রিফিউজড হলো, তা কি জানা সম্ভব?

বাস্তবতা হলো, আমেরিকার ভিসা রিফিউজড হওয়া মানেই ভবিষ্যতের সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়।  একজন আবেদনকারী চাইলে পরদিনই আবার আবেদন করতে পারেন।  আবেদন করার সংখ্যারও কোনো নির্দিষ্ট সীমা নেই।  বিশ্বের বিভিন্ন দেশে এমন অসংখ্য উদাহরণ রয়েছে, যেখানে দুই, তিন বা চারবার রিফিউজড হওয়ার পরও আবেদনকারী শেষ পর্যন্ত ভিসা পেয়েছেন।

অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, ভিসা রিফিউজড হলে পাসপোর্টে স্থায়ী কোনো নেতিবাচক চিহ্ন বা সিল দেয়া হয়।  আমেরিকান দূতাবাস সাধারণত এ ধরনের কোনো সিল ব্যবহার করে না।  ভিসা রিফিউজড হলে আবেদনকারীর পাসপোর্ট ফেরত দেয়া হয় এবং একটি রিফিউজাল লেটার দেয়া হয়।  তবে সেই চিঠি দেখে অধিকাংশ ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝার উপায় থাকে না কেন আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।  কারণ, সেখানে সাধারণত আইনের বিভিন্ন ধারা উল্লেখ থাকে, কিন্তু সুনির্দিষ্টভাবে কোন কারণে আবেদনকারীকে অযোগ্য বিবেচনা করা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা থাকে না।

তাহলে প্রশ্ন হলো, ভিসা আবেদন কেন রিফিউজড হয়?

অভিজ্ঞতার আলোকে দেখা যায়, এর পেছনে কয়েকটি সাধারণ কারণ কাজ করে।

প্রথমত, পর্যাপ্ত প্রস্তুতি বা প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের আগেই আবেদন করা।  আমেরিকার ভিসা ব্যবস্থায় এমন কোনো নির্দিষ্ট চেকলিস্ট নেই, যেখানে সব শর্ত পূরণ করলেই ভিসা নিশ্চিত হবে।  তবে আবেদনকারীর আর্থিক সক্ষমতা, পেশাগত অবস্থান, পারিবারিক বন্ধন, আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস এবং নিজ দেশে ফিরে আসার সম্ভাবনা- এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।  অনেকেই নিজের প্রোফাইল যথেষ্ট শক্তিশালী হওয়ার আগেই আবেদন করেন, যা রিফিউজালের কারণ হতে পারে।

দ্বিতীয়ত, অনেক আবেদনকারী আমেরিকার ভিসা প্রক্রিয়াকে অন্যান্য দেশের ভিসা প্রক্রিয়ার মত মনে করেন।  অথচ আমেরিকার মূল্যায়ন পদ্ধতি অনেকটাই আলাদা।  এখানে শুধু ব্যাংক ব্যালেন্স বা সম্পদের পরিমাণ নয়, বরং আবেদনকারীর সামগ্রিক প্রোফাইল, জীবনযাত্রা, ভ্রমণ ইতিহাস এবং বিশ্বাসযোগ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তৃতীয়ত, অতিরিক্ত কাগজপত্রের ওপর নির্ভরশীলতা।  অনেকেই মনে করেন, মোটা ফাইলভর্তি কাগজপত্রই ভিসা পাওয়ার প্রধান চাবিকাঠি।  বাস্তবে দেখা যায়, কনস্যুলার অফিসার বেশিরভাগ ক্ষেত্রে এসব নথি দেখার প্রয়োজনই মনে করেন না।  কারণ, সিদ্ধান্তের বড় অংশ নির্ভর করে আবেদনপত্রে দেওয়া তথ্য এবং সাক্ষাৎকারে আবেদনকারীর উপস্থাপনার ওপর।

চতুর্থত, DS-160 ফর্মকে যথাযথ গুরুত্ব না দেয়া।  এই ফর্মই মূলত আবেদনকারীর পরিচয়, পেশা, ভ্রমণ ইতিহাস এবং ব্যক্তিগত তথ্যের প্রধান উৎস।  অনেক আবেদনকারী এটিকে সাধারণ একটি ফর্ম মনে করে তাড়াহুড়ো করে পূরণ করেন অথবা অন্যের ওপর নির্ভর করেন।  অথচ অসতর্কতা, অসঙ্গতি কিংবা ভুল তথ্য আবেদনকারীর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। অনেক ক্ষেত্রে এই ফর্মই আবেদনকারীর হয়ে কথা বলে।

পঞ্চমত, সাক্ষাৎকারের জন্য পর্যাপ্ত প্রস্তুতির অভাব।  আমেরিকার ভিসা সাক্ষাৎকার সাধারণত খুবই সংক্ষিপ্ত হয়।  অল্প সময়ের মধ্যেই আবেদনকারীকে তাঁর ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য এবং নিজ দেশে ফিরে আসার কারণগুলো বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়।  অনেক সময় ভিসা ইন্টারভিউ সংক্রান্ত উদ্বেগ, উৎকণ্ঠা, অসংলগ্ন উত্তর কিংবা আত্মবিশ্বাসের ঘাটতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ষষ্ঠত, ভুল বা অযোগ্য পরামর্শের ওপর নির্ভর করা।  ভিসা বিষয়ে নানা ধরনের তথ্য ও পরামর্শ পাওয়া গেলেও সব তথ্য সমানভাবে নির্ভরযোগ্য নয়।  অনেক আবেদনকারী এমন ব্যক্তিদের পরামর্শ অনুসরণ করেন, যাদের বাস্তব অভিজ্ঞতা বা পর্যাপ্ত জ্ঞান নেই।  ফলে ভুল তথ্য বা ভুল প্রস্তুতির কারণে আবেদন দুর্বল হয়ে পড়ে এবং ভিসা রিফিউজড হওয়ার ঝুঁকি বাড়ে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যের সাথে নিজের তুলনা না করা।  একই প্রতিষ্ঠানের মালিক ভিসা না পেলেও তাঁর কোনো কর্মচারী ভিসা পেতে পারেন।  আবার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রিফিউজড হলেও অপেক্ষাকৃত সাধারণ পেশার কেউ ভিসা পেতে পারেন।  কারণ, প্রতিটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করা হয় এবং প্রতিটি সিদ্ধান্ত নির্ভর করে আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, প্রোফাইল এবং উপস্থাপিত তথ্যের ওপর।

যারা ভিসা রিফিউজড হয়েছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো হতাশ না হওয়া।  বরং নিজের প্রোফাইল পর্যালোচনা করা, ভ্রমণ ইতিহাস সমৃদ্ধ করা, আর্থিক ও পেশাগত অবস্থান আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ আবেদন আরও সুচিন্তিতভাবে প্রস্তুত করা।  প্রয়োজন হলে, কয়েক মাস সময় নিয়ে নিজেকে আরও যোগ্য করে তোলা যেতে পারে।

মনে রাখতে হবে, আমেরিকার ভিসা পাওয়া বা না পাওয়া শুধু কাগজপত্রের ওপর নির্ভর করে না।  এটি আবেদনকারীর সামগ্রিক প্রোফাইল, বিশ্বাসযোগ্যতা, প্রস্তুতি এবং উপস্থাপনার সমন্বিত মূল্যায়নের ফল।  তাই রিফিউজড হওয়াকে ব্যর্থতা হিসেবে না দেখে ভবিষ্যৎ প্রস্তুতির একটি সুযোগ হিসেবে দেখা উচিত।  সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং বাস্তবসম্মত প্রস্তুতি থাকলে পরবর্তী আবেদনেই ইতিবাচক ফল আসতে পারে।

সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস, ঢাকা