আমেরিকান ভিসার জন্য ছবি কিভাবে তুলবেন?

মহিবুল ইসলাম মাসুম

মহিবুল ইসলাম মাসুম

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

আমেরিকান ভিসা আবেদনের ক্ষেত্রে, সেটা অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) হোক বা ইমিগ্র্যান্ট, ছবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।  অনেক আবেদনকারী বিষয়টিকে হালকাভাবে নিলেও বাস্তবে ভিসা প্রক্রিয়ায় ছবিই প্রথম ইমপ্রেশন তৈরি করে।  বিশেষ করে, অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে, কনসুলার অফিসার আবেদন ফর্ম DS-160 খোলার পর প্রথম যে বিষয়টি লক্ষ্য করেন, সেটির মধ্যে ছবি অন্যতম।

ছবি অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী হতে হবে।  ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি সাইজের, সাদা ব্যাকগ্রাউন্ডের রঙ্গিন ছবি ব্যবহার করতে হবে।  ছবিতে দুই কান দেখা যেতে হবে এবং মাথার সামনের অংশের চুলের রেখা দেখা যেতে হবে।  মাথা ঢেকে ছবি না তোলাই উত্তম; টুপি, ওড়না, হিজাব ইত্যাদি ব্যবহার না করাই উত্তম, কারণ এসব পরিধানের কারণে যদি মুখের অবয়ব পরিবর্তিত হয়েছে বলে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে কনসুলার অফিসার ছবিটি প্রত্যাখ্যান করতে পারেন।  চশমা পরা অবস্থায় ছবি তোলা যাবে না।  এসব ছোট ছোট বিষয় ঠিক না থাকলে অনেক সময় শুধুমাত্র ছবির কারণে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে ছবির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো “প্রেজেন্টেশন” বা উপস্থাপন।  কনসুলার অফিসারের কাছে ছবিটি শুধু একটি ছবি নয়, এটি আবেদনকারী সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়।  তাই এমন ছবি ব্যবহার করা জরুরি, যা দেখে আবেদনকারী সম্পর্কে শুরুতেই ইতিবাচক ধারণা তৈরি হয়।  অনেক সময় ভিসা আবেদনকারীর আর্থিক সক্ষমতা, সামাজিক অবস্থান ও স্থিতিশীলতা সম্পর্কেও একটি প্রাথমিক ধারণা তৈরি হয় এই ছবির মাধ্যমেই।

এই কারণে ছবি তোলার সময়, পুরুষদের ক্ষেত্রে স্যুট-টাই পরিধান করা, চুল-দাড়ি পরিপাটি রাখা এবং আত্মবিশ্বাসী লুক বজায় রাখা ভালো।  দাড়ি থাকলে তা সুন্দরভাবে ছেঁটে নেয়া ভালো, আর না থাকলে পরিষ্কারভাবে শেভ করা উচিত।  পোশাকের ক্ষেত্রে রুচিশীল ও কালার ম্যাচিং এর দিকে গুরুত্ব দেওয়া উচিত।  কারণ পোশাক এবং উপস্থাপন অনেক সময় ব্যক্তির রুচি ও ব্যক্তিত্বের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

নারীদের ক্ষেত্রে পরামর্শ হলো অতিরিক্ত মেকআপ বা ভারী গহনা এড়িয়ে চলা।  শাড়ি বা প্রফেশনাল ড্রেস—দুটিই গ্রহণযোগ্য, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিপাটি এবং প্রফেশনাল উপস্থিতি বজায় রাখা।  উদ্দেশ্য হলো, এমন একটি লুক তৈরি করা যা স্বাভাবিক, কিন্তু আত্মবিশ্বাসী এবং স্থিতিশীল মনে হয়।

শিশুদের ক্ষেত্রে বিশেষ কোনো কঠোর ড্রেস কোড নেই।  তারা যে কোনো রঙিন পোশাক পরে ছবি তুলতে পারে।  স্কুল ইউনিফর্ম পরে ছবি তোলা বাধ্যতামূলক নয়।

একটি বিষয় মনে রাখা জরুরি, কনসুলার অফিসার আবেদনকারীর ছবি দেখে খুব দ্রুত একটি ধারণা তৈরি করেন।  তাই ছবি এমন হওয়া উচিত যাতে সেটি একটি পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে।  প্রয়োজনে একাধিক ছবি তুলে সেগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো ছবিটি নির্বাচন করা উচিত এবং প্রয়োজনে অন্যদের মতামতও নেওয়া যেতে পারে।

তবে ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন।  সেখানে ছবির চেয়ে বেশি গুরুত্ব পায় পিটিশনারের সাথে সম্পর্ক, স্পন্সরের আর্থিক সক্ষমতা, নির্ভুল ও সত্য তথ্য ও নথিপত্র।

আমেরিকান ভিসা আবেদনের ক্ষেত্রে ছবি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বিশেষ করে, অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে এটি আবেদনকারীর একটি গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে।  তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে, সঠিক নিয়ম মেনে এবং সচেতনভাবে ছবি প্রস্তুত করা উচিত, যাতে সেটি একটি পরিপাটি, আত্মবিশ্বাসী এবং ইতিবাচক ইমেজ তৈরি করে।

 

সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস, ঢাকা