সম্পাদকীয়

আমেরিকার ভিসা ইন্টারভিউতে নতুন দুই প্রশ্ন: কীভাবে উত্তর দেবেন?

মহিবুল ইসলাম মাসুম

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

আপনি যদি আমেরিকার ভিজিটর, স্টুডেন্ট, বিজনেস বা অন্য কোনো ননইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করার প্রস্তুতি নেন, তাহলে একটি নতুন বিষয় এখন থেকেই জেনে রাখা জরুরি। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ভিসা ইন্টারভিউতে দুটি নতুন প্রশ্ন যুক্ত করার নির্দেশ দিয়েছে, যা বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে কার্যকর করা হয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভিসা কর্মকর্তারাও ইতিমধ্যে প্রশ্ন দুটি করা শুরু করেছেন।

প্রশ্ন দুটি খুবই সহজ, কিন্তু এর গুরুত্ব অনেক। প্রথম প্রশ্ন, আপনি কি নিজের দেশে কোনো ধরনের নির্যাতন, ক্ষতি বা দুর্ব্যবহারের শিকার হয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, আপনি কি নিজের দেশে ফিরে আসতে ভয় পান?

অনেক আবেদনকারী হয়তো ভাবতে পারেন, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আমার পরামর্শ হলো, কোনো মুখস্থ উত্তর নয়, সত্য উত্তর দিন। ভিসা ইন্টারভিউতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সততা।

আপনি যদি সত্যিই পর্যটন, ব্যবসা, চিকিৎসা বা পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান এবং কাজ শেষে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা থাকে, তাহলে সেটি স্পষ্টভাবে বলুন। যদি বাস্তবে দেশে ফিরে আসতে আপনার কোনো ভয় না থাকে এবং আপনি কোনো নির্যাতনের শিকার না হয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার উত্তর হবে, ‘না’।

তবে যদি বাস্তবতা ভিন্ন হয়, অর্থাৎ আপনি সত্যিই দেশে ফিরে আসতে ভয় পান বা কোনো ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকেন, তাহলে সেটিও লুকানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, ভিসা পাওয়ার জন্য মিথ্যা তথ্য দেওয়া কখনোই ভালো সিদ্ধান্ত নয়। মার্কিন আইনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেয়া ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা তৈরি করতে পারে।

অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, এমন প্রশ্ন কি ভিসা পাওয়া কঠিন করে দেবে? আমার মতে, বিষয়টি ঠিক তা নয়। বরং এখন মার্কিন কর্তৃপক্ষ আরও নিশ্চিত হতে চাইছে, একজন আবেদনকারী যে উদ্দেশ্যে ভিসা চাইছেন, তিনি সত্যিই সেই উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে যেতে চান কি না।

আমার আরেকটি পরামর্শ হলো, ইন্টারভিউতে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। কর্মকর্তা যা জানতে চাইবেন, তার সরাসরি, সংক্ষিপ্ত এবং সত্য উত্তর দিন। অপ্রয়োজনীয় তথ্য যোগ করা বা গল্প বানানোর চেষ্টা অনেক সময় উল্টো বিভ্রান্তি তৈরি করে।

সবশেষে একটি কথা মনে রাখবেন, আমেরিকার ভিসা ইন্টারভিউ কোনো মুখস্থ পরীক্ষার মতো নয়। এখানে আপনার ইংরেজি দক্ষতার চেয়ে বেশি মূল্যায়ন করা হয় আপনার বিশ্বাসযোগ্যতা, সততা এবং ভ্রমণের প্রকৃত উদ্দেশ্যকে। তাই আত্মবিশ্বাস রাখুন, সত্য বলুন এবং নিজের বাস্তব অবস্থাটাই তুলে ধরুন। সেটিই একজন আবেদনকারীর সবচেয়ে বড় শক্তি।

 

সম্পাদক, ডেল্টা টিভি

সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা