আমেরিকান ভিজিটর ভিসা আবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি?
মহিবুল ইসলাম মাসুম
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬
আমেরিকান ভিজিটর ভিসা আবেদন নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হলো, ভিসা পাওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট, জমির কাগজ, ট্রেড লাইসেন্স বা অন্যান্য ডকুমেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবে বিষয়টি অনেকটাই ভিন্ন। অভিজ্ঞতার আলোকে বলা যায়, আমেরিকার ভিজিটর ভিসা আবেদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো DS-160 ফর্ম।
অনেক আবেদনকারী DS-160 ফর্মকে সাধারণ একটি ফর্ম হিসেবে দেখেন। শুন্য ঘরগুলো পূরণ করলেই কাজ শেষ- এমন ধারণা থেকেই তারা তাড়াহুড়ো করে ফর্ম পূরণ করেন। কেউ আবার বিভিন্ন অদক্ষ ট্রাভেল এজেন্সি, কম্পিউটারের দোকান বা পরিচিত কারও ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে যান। অথচ এই ফর্মই একজন আবেদনকারীর পরিচয়, পেশা, ভ্রমণ ইতিহাস, পারিবারিক অবস্থা এবং ব্যক্তিগত তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস।
বাস্তবতা হলো, ভিসা কর্মকর্তা আবেদনকারী সম্পর্কে যে প্রাথমিক ধারণা নেন, তার বড় অংশ আসে DS-160 ফর্ম থেকে। অনেক ক্ষেত্রে সাক্ষাৎকার মাত্র এক থেকে দুই মিনিট স্থায়ী হয়। ফলে নিজের সম্পর্কে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে না। তখন আবেদনকারীর হয়ে কথা বলে এই ফর্মে দেওয়া তথ্য।
এ কারণেই DS-160 ফর্মকে কেবল তথ্য পূরণের একটি ফর্ম হিসেবে নয়, বরং নিজেকে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা উচিত।
ফর্মটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে শুধু তথ্য লেখাই যথেষ্ট নয়; অনেক ক্ষেত্রে সঠিক কৌশল ও সিদ্ধান্ত নিতে হয়। একজন আবেদনকারীর বর্তমান ঠিকানা, পেশাগত পরিচয়, ভ্রমণের উদ্দেশ্য কিংবা ব্যক্তিগত তথ্য কীভাবে উপস্থাপন করা হবে- এসব বিষয়েও সতর্কতা প্রয়োজন। ছোটখাটো অসঙ্গতি বা অসতর্কতা কখনও কখনও পুরো প্রোফাইলকে দুর্বল করে দিতে পারে।
কাজেই, DS-160 ফর্ম পূরণের আগে আবেদনকারীকে পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। কারণ, অন্য কেউ আপনার হয়ে ফর্ম পূরণ করলেও সে আপনার জীবন, অভিজ্ঞতা বা ভবিষ্যৎ পরিকল্পনাকে আপনার মতো করে জানবে না। ফলে আপনার শক্তিশালী দিকগুলো হয়তো সঠিকভাবে উপস্থাপিতই হবে না।
অনেক আবেদনকারী আবার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরামর্শের ওপর অতিরিক্ত নির্ভর করেন। কিন্তু মনে রাখতে হবে যে, যারা আমেরিকান ভিসা পেয়েছেন বা আমেরিকায় ভ্রমণ বা পড়াশোনা করেছেন বা আমেরিকান গ্রিনকার্ড বা পাসপোর্ট পেয়েছেন বা কয়েকটি ফর্ম পূরণ করেছেন- এমন সবাই ভিসা বিষয়ে বিশেষজ্ঞ নন। ভুল পরামর্শ, ভুল তথ্য বা ভুল উপস্থাপনা আবেদনকে দুর্বল করে দিতে পারে।
তাই আমেরিকান ভিসার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পথ হলো নিজে বিষয়গুলো বোঝা, তথ্য যাচাই করা এবং ফর্মে প্রতিটি প্রশ্ন বুঝে সতর্কতার সাথে উত্তর দেয়া। প্রয়োজনে দক্ষ ও অভিজ্ঞ কারও সহায়তা নেয়া যেতে পারে, তবে অন্ধভাবে অন্যের ওপর নির্ভর করা উচিত নয়।
মনে রাখতে হবে যে, অনেক আবেদনকারী ব্যাংক ব্যালেন্স বা কাগজপত্র নিয়ে যতটা চিন্তা করেন, DS-160 ফর্ম নিয়ে তার সামান্য অংশও করেন না। অথচ ভিসা কর্মকর্তার কাছে আপনার প্রথম পরিচয় তৈরি হয় এই ফর্মের মাধ্যমেই। তাই আমেরিকার ভিসা আবেদনের ক্ষেত্রে DS-160 ফর্মকে অবহেলা করা মানে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকেই অবহেলা করা।
সংক্ষেপে বলা যায় যে, আমেরিকান ভিসা আবেদনে DS-160 শুধু একটি ফর্ম নয়; এটি আবেদনকারীর পরিচয়পত্র, প্রোফাইল এবং নিজেকে ভিসা পাওয়ার যোগ্য হিসেবে উপস্থাপনার সমন্বিত দলিল। সঠিকভাবে পূরণ করা হলে এটি আপনার শক্তি হয়ে উঠতে পারে, আর অসতর্কতা থাকলে এটিই ভিসা না পাওয়ার অন্যতম কারণ হতে পারে।
সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস, ঢাকা


