আমেরিকান অনভিবাসী ভিসার সঠিক ক্যাটাগরি কোনটি? B1? B2? B1/B2?

মহিবুল ইসলাম মাসুম

মহিবুল ইসলাম মাসুম

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

আমেরিকান অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার জন্য যখন আমরা DS-160 ফর্ম পূরণ করি, তখন একটি গুরুত্বপূর্ণ ধাপে ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হয়। এখানে অনেক আবেদনকারী ভুল করেন, বিশেষ করে B1 বা B2 বা B1/B2 নির্বাচন করার ক্ষেত্রে। অথচ সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন পুরো ভিসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথমেই বুঝতে হবে যে, B1 এবং B2 আলাদা দুই ধরনের উদ্দেশ্যের ভিসা।

B1 ভিসা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ, যদি কোনো আবেদনকারীর যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক লেনদেন থাকে, যেমন পণ্য আমদানি-রপ্তানি, ব্যবসায়িক মিটিং, এজেন্টের সঙ্গে দেখা করা বা কোনো সরঞ্জাম (যেমন মেশিনারি) দেখা বা কেনার উদ্দেশ্যে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে B1 নির্বাচন করতে হবে। আবার শুধু ব্যবসায়ী হলেই B1 হবে বিষয়টি এমন নয়; মূল বিষয় হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ব্যবসায়িক কার্যক্রম বা যোগাযোগ থাকা।

B1 ভিসার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো বিভিন্ন সেমিনার, কনফারেন্স বা পেশাগত সভায় অংশগ্রহণ। এটি হতে পারে মেডিক্যাল কনফারেন্স, একাডেমিক কনফারেন্স বা আন্তর্জাতিক সংগঠনের কোনো অনুষ্ঠান। যেমন লায়ন্স ক্লাব, জাতিসংঘ-সম্পর্কিত আয়োজন বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে গেলে B1 নির্বাচন করতে হয়।

অন্যদিকে, B2 ভিসা হলো মূলত যারা যুক্তরাষ্ট্রে বেড়াতে যেতে চান, আত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে যেতে চান বা চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য। অর্থাৎ পর্যটন ও মেডিকেল ট্রিটমেন্ট, এই দুই ধরনের উদ্দেশ্যই B2 এর অন্তর্ভুক্ত।

অনেক সময় আবেদনকারীরা B1/B2 নির্বাচন করেন, এটি বেশিরভাগ ক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত। যদি উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারিত থাকে, তাহলে আলাদা করে শুধু B1 বা B2 নির্বাচন করাই সঠিক। কারণ ভুল বা অপ্রাসঙ্গিক ভিসা ক্যাটাগরি নির্বাচন করলে তা ভিসা অফিসারকে বিভ্রান্ত করতে পারে, এবং পরিণামে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

সহজভাবে বলা যায় যে, B1 হলো ব্যবসা ও পেশাগত কাজের জন্য, আর B2 হলো ভ্রমণ ও চিকিৎসার জন্য। একসাথে দুইটি উদ্দেশ্যই থাকলে B1/B2 ব্যবহার করা যেতে পারে, তবে সেটি অবশ্যই বাস্তব ও যৌক্তিক হতে হবে। যেমন ধরা যাক, একজন ভিসা আবেদনকারী আমেরিকায় ৩ দিন ব্যাপী একটি কনফারেন্স বা ব্যবসায়িক মিটিং এর জন্য যেতে চান, তারপর ৭ দিন বেড়াতে চান, এক্ষেত্রে তিনি B1/B2 নির্বাচন করতে পারেন অথবা চাইলে শুধু B1 নির্বাচন করতে পারেন, যেহেতু ব্যবসায়িক মিটিং তার মূল উদ্দেশ্য।

কিন্তু যে ভিসা আবেদনকারী শুধুমাত্র বেড়াতে যেতে চান, তিনি B1/B2 নির্বাচন করলে সেটি ভুল হবে।

এই ভুলের অন্যতম প্রধান দুইটি কারণের মধ্যে একটি হল, এসকল বিষয়ে প্রয়োজনীয় জ্ঞ্যান না থাকা এবং সফল B1 বা B2 বা B1/B2 ভিসা আবেদনকারীদের ভিসা স্টিকারে ক্যাটাগরি হিসেবে B1/B2 উল্লেখ থাকা।

অর্থাৎ, আপনি B1 ভিসার জন্য আবেদন করলেও আপনার ভিসা স্টিকারে B1/B2 উল্লেখ থাকবে।

আপনি B2 ভিসার জন্য আবেদন করলেও আপনার ভিসা স্টিকারে B1/B2 উল্লেখ থাকবে।

আবার আপনি B1/B2 ভিসার জন্য আবেদন করলেও আপনার ভিসা স্টিকারে B1/B2 উল্লেখ থাকবে।

তাই অনেকে মনে করেন যে, DS-160 ফর্মে B1/B2 নির্বাচন করতে হবে, যা সঠিক নয়। ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে আপনার আমেরিকায় ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী।

DS-160 ফর্ম পূরণের সময় আবেদনকারীর উচিত নিজের উদ্দেশ্য পরিষ্কারভাবে বোঝা এবং সেই অনুযায়ী সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন করা। কারণ সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন ভিসা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

আমেরিকান ভিসা আবেদন যতটা তথ্য ও প্রযুক্তিগত, ততটাই কৌশলগত। ছোট একটি ভুল তথ্য বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে, কাজেই ভিসা আবেদনকারীদের উচিত সতর্কতা অবলম্বন করা, এবং জেনে, বুঝে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা।

সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস, ঢাকা