প্রত্যাখ্যানের পরও মিলতে পারে আমেরিকার ভিজিটর ভিসা
মহিবুল ইসলাম মাসুম
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
আমেরিকার ভিজিটর ভিসা আবেদনের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মীয়স্বজনের সাথে দেখা করা, কোনো সম্মেলনে অংশগ্রহণ, ব্যবসায়িক সফর কিংবা চিকিৎসা-প্রতিটি ক্ষেত্রেই আবেদনকারীর উদ্দেশ্য বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য হতে হবে।
যদি আবেদনকারীর বয়স ৬০ বছরের আশেপাশে হয় এবং তাঁর সন্তান আমেরিকায় বৈধভাবে বসবাস করেন, তাহলে সন্তানকে দেখতে যাওয়ার আবেদন যৌক্তিক হিসেবে বিবেচিত হতে পারে। একইভাবে, আমেরিকায় বসবাসরত মেয়ে গর্ভবতী হলে মা-বাবার পাশে থাকার উদ্দেশ্যে আবেদনও গ্রহণযোগ্য হতে পারে। এসব ক্ষেত্রে ভ্রমণ ইতিহাস বা আয় তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। তবে তরুণ বয়সে শুধু বয়স্ক বাবা-মাকে আমেরিকায় পৌঁছে দেওয়ার কারণ দেখিয়ে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। কারণ ভিসা কর্মকর্তা আবেদনকারীর দেশে ফিরে আসার সম্ভাবনাও বিবেচনা করেন।
কোনো সম্মেলনে অংশগ্রহণের জন্য আবেদন করলে আবেদনকারীর পেশার সাথে সম্মেলনের বিষয়বস্তুর মিল থাকা উচিত। আগে অন্য দেশে একই ধরনের সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলে তা ইতিবাচক হিসেবে বিবেচিত হয়। পরিচিত ও স্বীকৃত প্রতিষ্ঠানের সম্মেলন হলে ভালো হয় এবং পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন করা উচিত।
ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে আবেদনকারীর আমেরিকান প্রতিষ্ঠানের সাথে প্রকৃত ব্যবসায়িক সম্পর্ক থাকতে হবে। আগে বিভিন্ন দেশে ব্যবসায়িক কাজে ভ্রমণ, প্রতিষ্ঠিত ব্যবসা পরিচালনা এবং ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা আবেদনকে শক্তিশালী করে। একইভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা প্রদর্শনীতে অংশ নিতে চাইলে সেটির সাথে আবেদনকারীর ব্যবসা বা পেশার সম্পর্ক থাকা প্রয়োজন।
চিকিৎসার জন্য আমেরিকায় যেতে চাইলে পর্যাপ্ত আর্থিক সক্ষমতা, চিকিৎসার প্রয়োজনীয়তা, বাংলাদেশ ও আশপাশের দেশে চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার তথ্য, আমেরিকান হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং চিকিৎসার ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ থাকা গুরুত্বপূর্ণ।
ভিসা প্রত্যাখ্যাত হওয়া মানেই ভবিষ্যতে আর কখনো ভিসা পাওয়া যাবে না- এ ধারণা সঠিক নয়। অনেক আবেদনকারী একাধিকবার প্রত্যাখ্যাত হওয়ার পরও পরে সফল হয়েছেন। তাই তাড়াহুড়ো না করে নিজের প্রোফাইল উন্নত করা, আন্তর্জাতিক ভ্রমণের অভিজ্ঞতা বাড়ানো এবং আবেদনকে আরও যৌক্তিক করে তোলাই সবচেয়ে কার্যকর কৌশল।
সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা



