জার্মান ভিসা বাতিলের ২ বড় কারণ, জাল নথি দিলেই সেনজেনে নিষেধাজ্ঞা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬
বিদেশি নাগরিকদের ভিসা আবেদনের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে জার্মানি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা আবেদনে দুটি নির্দিষ্ট ধরনের অনিয়ম প্রমাণিত হলে আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। পাশাপাশি ভবিষ্যতে সেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
জার্মান কনস্যুলেটের সরকারি তথ্য অনুযায়ী, জাল নথি (Forged Documents) অথবা ভুয়া তথ্যসংবলিত নথি (False Documents) জমা দেওয়া ভিসা আবেদনের ক্ষেত্রে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কোনো অনিয়ম শনাক্ত হলে আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাল বা ভুয়া নথি ব্যবহার করে আবেদন করলে আবেদনকারীর তথ্য একটি সতর্কতামূলক ডাটাবেসে সংরক্ষণ করা হবে। এর ফলে ভবিষ্যতে জার্মানিসহ অন্যান্য সেনজেন দেশের ভিসা আবেদন মূল্যায়নের সময়ও নেতিবাচক প্রভাব পড়বে।
বিশেষজ্ঞদের মতে, একবার নথি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে শুধু জার্মানির ভিসাই নয়, সেনজেন অঞ্চলের ২৯টি দেশের ভিসা পাওয়ার সম্ভাবনাও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ভ্রমণ, উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা ব্যবসায়িক সফরের সুযোগও সীমিত হয়ে যেতে পারে।
কর্তৃপক্ষ আবেদনকারীদের প্রতি সতর্ক করে বলেছে, ভিসা আবেদন করার সময় সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং জমা দেওয়া প্রতিটি নথি অবশ্যই বৈধ ও যাচাইযোগ্য হতে হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য গোপন করাও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।
বিশেষ করে যেসব দেশের আবেদনকারীদের ভিসা যাচাই প্রক্রিয়া তুলনামূলক কঠোর, তাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ একটি ভুল বা জাল নথি শুধু বর্তমান আবেদনই বাতিল করবে না, ভবিষ্যতের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগও ঝুঁকির মুখে ফেলতে পারে।
এদিকে সম্প্রতি কানাডাও বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নীতি ঘোষণা করেছে। চুরি, হামলা, বিপজ্জনক ড্রাইভিং, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং মাদক-সংক্রান্ত অপরাধসহ কয়েকটি কারণে বিদেশি নাগরিকদের অযোগ্য ঘোষণা করার বিধান কার্যকর করেছে দেশটি। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।



