বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডিতে বৃত্তির সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ। এ বৃত্তির আওতায় দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। ফরাসি পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য, মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় আকৃষ্ট করা।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
আইফেল স্কলারশিপে আবেদনের বয়সসীমা শিক্ষার স্তর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মাস্টার্স পর্যায়ে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৯ বছর এবং পিএইচডি পর্যায়ে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের আগে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক নির্দেশনায় যোগ্যতার শর্ত যাচাই করা উচিত।
যেভাবে আবেদন করবেন
এ বৃত্তির জন্য শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন করতে পারবেন না। আবেদন করতে হবে ফ্রান্সের সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করলে আবেদন বাতিল হতে পারে।
প্রথমে নিজের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফরাসি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাক্রম নির্বাচন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যোগাযোগ করে আইফেল স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও অভ্যন্তরীণ সময়সীমা সম্পর্কে জানতে হবে।
বিশ্ববিদ্যালয় নিজস্ব যাচাই-বাছাইয়ের পর কোনো শিক্ষার্থীকে মনোনীত করলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই তাঁর পক্ষে ক্যাম্পাস ফ্রান্সে আনুষ্ঠানিক আবেদন জমা দেবে।
আবেদনের শেষ তারিখ
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের আইফেল স্কলারশিপের জন্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ক্যাম্পাস ফ্রান্সে আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব বাছাই ও মনোনয়নের জন্য এর আগেই আলাদা সময়সীমা নির্ধারণ করতে পারে। তাই আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত পছন্দের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা উচিত।
বিস্তারিত তথ্য
আইফেল স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনা দেখা যেতে পারে। আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের শর্ত, অভ্যন্তরীণ সময়সীমা এবং সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক নির্দেশনা যাচাই করা জরুরি।



