জাপানে বিদেশি বাসিন্দা ৪২ লাখ ছাড়াল, সর্বোচ্চ রেকর্ড

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

জাপানে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে রেকর্ড ৪২ লাখ ৮১ হাজারে পৌঁছেছে। দেশটির অভিবাসন পরিষেবা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনের শেষ পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষের তুলনায় বিদেশি বাসিন্দা বেড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬০০ জন।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, বসবাসের অনুমতির ধরন অনুযায়ী দেশটিতে সবচেয়ে বেশি রয়েছেন স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা। তাঁদের সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ৩০০। এরপর রয়েছেন প্রকৌশলী, মানবিক বিষয়ে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সেবায় কর্মরত ৫ লাখ ১৬ হাজার ২০০ জন।

এ ছাড়া জাপানে শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৬০০।

নাগরিকত্বের হিসাবে, জাপানে সবচেয়ে বেশি বসবাস করছেন চীনের নাগরিক। তাঁদের সংখ্যা ৯ লাখ ৪১ হাজার। এরপর রয়েছেন ভিয়েতনামের ৬ লাখ ৯৩ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ার ৪ লাখ ৮ হাজার ৭০০ এবং ফিলিপাইনের ৩ লাখ ৬২ হাজার ৮০০ নাগরিক।

বিদেশি সফরকারীর সংখ্যা কমেছে

এদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশ থেকে ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার বিদেশি নাগরিক জাপান সফর করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২১ হাজার ৫০০ কম। অস্থায়ী সফরসহ বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে জাপানে আসা বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে।

একই সময়ে ব্যবসা পরিচালনার অনুমতি নিয়ে জাপানে আসা বিদেশির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের একই সময়ে এ ধরনের অনুমতি নিয়ে দেশটিতে এসেছিলেন ৩ হাজার ৩০০ জন। চলতি বছরের প্রথম ছয় মাসে এ সংখ্যা কমে ৬০০ হয়েছে।

গত বছরের অক্টোবরে ব্যবসা পরিচালনার অনুমতি পাওয়ার শর্ত কঠোর করা হয়েছিল। এর প্রভাবেই এ সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, গত ১ জুলাই পর্যন্ত জাপানে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও ৬৫ হাজার ২০০ বিদেশি নাগরিক দেশটিতে অবস্থান করছিলেন। গত জানুয়ারির হিসাবের তুলনায় এ সংখ্যা ৩ হাজার ৩০০ কমেছে।