সৌদি আরবে ড্রোন ও বিমানবন্দরে হামলা, নিহত ৩
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬
সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার ঝুঁকিতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর জরুরি নয়—এমন সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের পূর্বাঞ্চলে সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে একটি ড্রোন আসে। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিত করলেও এর ধ্বংসাবশেষের আঘাতে দুই প্রবাসী নিহত ও দুজন আহত হন। নিহতদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজন ভারত ও পাকিস্তানের নাগরিক।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষের কারণে তেলক্ষেত্রের সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এতে তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
একই দিন সন্ধ্যায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় আরও একজন নিহত ও আটজন আহত হন বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, হামলার ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে সৌদি আরবে নিজেদের সরকারি কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে জরুরি নয়—এমন সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে।
জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা এবং বিদেশি নাগরিকদের হতাহতের ঘটনায় সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।



