আমেরিকার ভিজিটর ভিসা: কোন আবেদনকারীর সম্ভাবনা বেশি

মহিবুল ইসলাম মাসুম

মহিবুল ইসলাম মাসুম

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

আমেরিকার ভিজিটর (B1/B2) ভিসা পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো চেকলিস্ট বা বাধ্যতামূলক যোগ্যতার তালিকা নেই। আমেরিকান দূতাবাস বা সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটেও এমন কোনো মানদণ্ড প্রকাশ করা হয়নি, যা পূরণ করলেই ভিসা নিশ্চিত হবে। তবে দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করার ফলে অর্জিত অভিজ্ঞতার আলোকে বলা যায়, কিছু বিষয় আবেদনকারীর ভিসা পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্রমণ ইতিহাস ও শক্তিশালী প্রোফাইল।

ভিজিটর ভিসার ক্ষেত্রে আবেদনকারীর সামগ্রিক প্রোফাইলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে-নিয়মিত আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস, বাংলাদেশে স্থায়ী চাকরি বা ব্যবসা, পর্যাপ্ত ও প্রমাণযোগ্য আয়, পারিবারিক ও সামাজিক বন্ধন, আমেরিকায় ভ্রমণের যৌক্তিক কারণ এবং বাংলাদেশে ফিরে আসার শক্তিশালী কারণ। এসব বিষয় যত শক্তিশালী হবে, ভিসা পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।

একজন আবেদনকারীর ভালো চাকরি বা প্রতিষ্ঠিত ব্যবসা থাকলে, মাসিক আয়, ব্যয় ও সঞ্চয় আমেরিকার মতো ব্যয়বহুল দেশে ভ্রমণের উপযোগী হলে, বাংলাদেশে পারিবারিক ও সামাজিক বন্ধন থাকলে এবং এককভাবে অন্তত ৮-১০টি দেশে ভ্রমণের পাশাপাশি পরিবারসহ ৪-৫টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা থাকলে তাঁর আবেদন তুলনামূলকভাবে শক্তিশালী হয়। উন্নত দেশ- যেমন শেংগেন, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় অন্তত একটি ভ্রমণও ইতিবাচক হিসেবে বিবেচিত হয়।

অবিবাহিত শিক্ষার্থী বা তরুণ পেশাজীবীদের ক্ষেত্রে সাধারণত আরও শক্তিশালী প্রোফাইল প্রয়োজন হয়। যদি কারও নিয়মিত বিশেষ উদ্দেশ্যে কমপক্ষে ১৫-২০টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা থাকে, তাহলে বয়স কম হলেও আবেদন করার যৌক্তিকতা থাকতে পারে। অন্যদিকে মাত্র ৪-৫টি দেশে ভ্রমণ এবং সীমিত আয় থাকলে সময় নিয়ে আরও শক্তিশালী প্রোফাইল তৈরি করার পর আবেদন করাই ভালো।

ভিজিটর ভিসার ক্ষেত্রে বিবাহিত হওয়া বাধ্যতামূলক নয়। তবে পরিবার, সন্তান, চাকরি বা ব্যবসার মতো বিষয় আবেদনকারীর বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ফলে অধিকাংশ ক্ষেত্রে বিবাহিত আবেদনকারীদের প্রোফাইল তুলনামূলকভাবে শক্তিশালী হিসেবে বিবেচিত হয়।

সবশেষে বলা যায়, আমেরিকার ভিজিটর ভিসার জন্য যে কেউ আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে নিজের প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা এবং বাংলাদেশে ফিরে আসার বাস্তব কারণগুলো যত শক্তিশালী হবে, ভিসা পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।

সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা