জাতীয় স্বার্থে সব দেশের সাথে বন্ধুত্ব সুদৃঢ় করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্বের সব দেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বৈশ্বিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ব্যবস্থা সময়োপযোগী করা এবং সেনাবাহিনীর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জাতীয় পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের দায়িত্ব।

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু সামরিক সক্ষমতা নয়, শক্তি, শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনানিবাসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। এ সময় তিনি উপস্থিত সেনাসদস্যদের সাথে সালাম বিনিময় করেন।

পরে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।